অধিকার পত্র ডটকম আন্তর্জাতিক ডেক্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পার কাছে সিটিব্যাংকের একটি কার্যালয় কমপ্লেক্সে বন্দুক হামলায় এক নারী কর্মী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন নিরাপত্তারক্ষীসহ অন্তত পাঁচজন। পরে নিরাপত্তারক্ষীর সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম জ্যাকব পিয়ারসন (৩৫)। সিটিব্যাংকের কাছে তাঁর ২ হাজার ৫০০ ডলার ঋণ ছিল। ঋণ আদায়ের বিষয়ে বুধবার তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়। এর পরপরই তিনি ঋণ আদায়ের দায়িত্বে থাকা আইনজীবীর কার্যালয়ে বার্তা পাঠিয়ে ব্যাংকের বিরুদ্ধে হুমকি দেন।
হিলসবোরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, বুধবার দুপুরে পিয়ারসন গাড়ি চালিয়ে ব্র্যান্ডন এলাকার সিটিব্যাংক কমপ্লেক্সে প্রবেশ করেন। গাড়িটি কয়েকটি সড়ক বিভাজক ও ঘাসযুক্ত এলাকা অতিক্রম করে বেড়া ভেঙে একটি অভ্যন্তরীণ চত্বরে গিয়ে থামে। সেখানে তখন কর্মীরা দুপুরের খাবার খাচ্ছিলেন।
গাড়ি থেকে নেমে প্রথম যে কর্মীকে সামনে পান, তাঁকেই রাইফেল দিয়ে একাধিকবার গুলি করেন পিয়ারসন। নিহত ওই কর্মীর নাম লিয়ান সেলম্যান (৪১)। তিনি ফ্লোরিডার পাম হারবারের বাসিন্দা ছিলেন এবং গত নয় বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছিলেন।
শেরিফের ভাষ্য অনুযায়ী, রাইফেলে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে হামলাকারী গাড়ি থেকে একটি পিস্তল নিয়ে এসে আবারও ওই নারীকে গুলি করেন।
এরপর ক্যাফেটেরিয়ায় নিরাপত্তারক্ষী জন ফ্রেইলির মুখোমুখি হন তিনি। ফ্রেইলি একই সঙ্গে প্রতিষ্ঠানের অপারেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে পিয়ারসন পাঁচটি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। নিরাপত্তারক্ষীও আহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের আঘাত প্রাণঘাতী নয় এবং সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিন হাজারের বেশি কর্মীকে সরিয়ে নেওয়া হয়
গুলির খবর পেয়ে দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম জরুরি ফোন আসে। এক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান শেরিফ কার্যালয়ের সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করেন। প্রায় আড়াই ঘণ্টার মধ্যে কমপ্লেক্স থেকে তিন হাজারের বেশি কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় আতঙ্কিত কর্মীরা বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। একজন ক্যাফেটেরিয়া কর্মী সিএনএনকে জানান, তিনি আরও পাঁচজনের সঙ্গে একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন। পরিস্থিতির ভয়াবহতায় কেউ কাঁদছিলেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন।
হিলসবোরো কাউন্টির শেরিফ কার্যালয়ের প্রধান উপপ্রধান ফ্র্যাঙ্ক লোসাট বলেন, নিরাপত্তারক্ষীর দ্রুত পদক্ষেপের কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
সিটিব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেন ফ্রেজার এক বিবৃতিতে নিহত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তাকর্মীদের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন। ঘটনার পর কর্মীদের কাউন্সেলিংসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: CNN, Hillsborough County Sheriff's Office
মাত্র ২,৫০০ ডলারের ঋণ! সিটিব্যাংকে গাড়ি তুলে ঢুকে কর্মীকে গুলি করে হত্যা, নিরাপত্তারক্ষীর পাল্টা হামলায় বন্দুকধারী নিহত
যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে বন্দুক হামলা, নিহত নারী কর্মী
#Citibank #FloridaShooting #Tampa #USNews #BankShooting #CrimeNews #Odhikarpatra #অধিকারপত্র #যুক্তরাষ্ট্র #বন্দুকহামলা
