নিউজ ডেস্ক | অধিকারপত্র
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থাটির ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান। আজ মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি গত ২ মার্চ পদত্যাগ করা সাবেক সচিব এম আসলাম আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
যোগ্যতা ও শিক্ষাগত পটভূমি
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্ন্যান্স থেকে মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (এমপিএ) ডিগ্রি অর্জন করেছেন মীর নাদিয়া নিভিন। এর আগে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মজীবন
মীর নাদিয়া নিভিনের রয়েছে সুদীর্ঘ আন্তর্জাতিক কর্ম অভিজ্ঞতা। ২০০৭ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করার পর তিনি জার্মানি, নিউ ইয়র্ক (ইউএনডিপি সদর দপ্তর), আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া ও মিয়ানমারে গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে কাজ করেছেন। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, সংসদীয় বিষয়াবলী, সুশাসন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক মানবাধিকার উদ্যোগে কাজ করার ক্ষেত্রে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া তিনি ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং কিছুদিন সাংবাদিকতা পেশার সাথেও জড়িত ছিলেন। ২০১৯ সালে এশিয়ার অনূর্ধ্ব-৪০ সফল ব্যক্তিদের নিয়ে গঠিত এশিয়া ২১ ইয়াং লিডারস তালিকায়ও তিনি স্থান পেয়েছিলেন।
দেশীয় সংস্কার ও বিমা খাতে অভিজ্ঞতা
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মীর নাদিয়া নিভিন। এছাড়াও, ২০২৫ সালের অক্টোবরে তিনি দেশের অন্যতম শীর্ষ বিমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।
নিয়োগের শর্ত ও সংস্থার প্রেক্ষাপট
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। কার্যভার গ্রহণের দিন থেকে তাঁর এই মেয়াদ শুরু হবে। ২০১১ সালের ১১ জানুয়ারি আইডিআরএ যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মীর নাদিয়া নিভিনসহ মোট ৬ জন চেয়ারম্যান দায়িত্ব পেলেন। এর আগে এম শেফাক আহমেদ ও শফিকুর রহমান পাটোয়ারী তাঁদের নিয়মিত মেয়াদ শেষ করতে পারলেও, পরবর্তী তিনজন চেয়ারম্যান (এম মোশাররফ হোসেন, মোহাম্মদ জয়নুল বারী ও এম আসলাম আলম) মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করেন।
দেশের বিমা খাতে সুশাসন জোরদার, কঠোর তদারকি এবং গ্রাহক স্বার্থ বা ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যখন নানামুখী চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান প্রত্যাশা রয়েছে, ঠিক সেই সময়েই আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মীর নাদিয়া নিভিনকে বিমা খাতের এই শীর্ষ পদে আনা হলো। তাঁর হাত ধরে আইডিআরএ-তে বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার আসবে বলে বাজার সংশ্লিষ্টরা আশা করছেন।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: