odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬
ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হওয়ার পর কোতোয়ালি থানায় হস্তান্তর; চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ

জবিতে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে রিকশাচালক আটক, হাসপাতালে পাঠাল পুলিশ

odhikarpatra | প্রকাশিত: ২০ September ২০২৬ ২১:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২০ September ২০২৬ ২১:৫৭

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এক রিকশাচালক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি নিজের নাম মনির বলে পরিচয় দিয়েছেন। তিনি বরগুনার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে তারা আগের দিন থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। দুপুরের দিকে রিকশাচালককে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

রিকশাচালকের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।