নিউজ ডেস্ক | অধিকারপত্রর
রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (২৭ জুন) রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি প্রধান জানান, সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ের একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই শেষে আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি নূর মোহাম্মদ নিজের বাসা বলে দাবি করেছেন। নূর মোহাম্মদ ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি দীর্ঘদিন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় তিনি পরাজিত হয়েছিলেন।
দলীয় পদ ও ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি নূর মোহাম্মদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে ইতিপূর্বে নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায়ও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: