নিউজ ডেস্ক | অধিকারপত্র
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলায় বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে গত দুই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হ্রাস পাওয়ায় পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা কিছুটা কমেছে। তবুও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নতুন করে ফেনীসহ ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির বিস্তারের আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (১১ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের চারটি নদীর ছয়টি পর্যবেক্ষণ পয়েন্টে পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যেসব নদীর পানি বিপৎসীমার ওপরে:
সাঙ্গু নদ: বান্দরবান পয়েন্টে ১০৭ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদী: মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ১৭ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনু নদ: মৌলভীবাজার পয়েন্টে ৩৮ সেন্টিমিটার ওপরে।
খোয়াই নদ: বল্লা (হবিগঞ্জ) পয়েন্টে ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বর্তমানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় সেখানে পরিস্থিতি আপাতত অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানিও কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। তবে স্বস্তির খবর হলো, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৩০ মিলিমিটার এবং বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের জাফলংয়ে সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ৬৪টিতে কমেছে এবং ৬টিতে অপরিবর্তিত রয়েছে। এছাড়া তিস্তা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর পানি বর্তমানে সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে এলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতির আশা করছে সংশ্লিষ্ট দপ্তর।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: