অধিকার পত্র ডটকম ০২ আগস্ট ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশে নৌপথ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় রাজধানীর চারপাশের নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
তিনি আরও নির্দেশনা দেন, নদীর তীরজুড়ে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে, যাতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নদীতীরের সৌন্দর্যও বৃদ্ধি পায়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: