০৬ আগস্ট ২০২৬ | নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অবস্থানরত পলাতক আসামি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের একজন পলাতক আসামি। হত্যা, মানবতাবিরোধী অপরাধ, আদালত অবমাননা ও দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছে এবং আরও কয়েকটি মামলার বিচার চলমান রয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে চিঠি পাঠালেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এমন একজন পলাতক আসামিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্মানের পরিপন্থী। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের স্বার্থে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে কাজ করছে। সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ এবং জুলাই চার্টারের লক্ষ্য বাস্তবায়নের উদ্যোগ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস ও জ্বালানির সংকট তৈরি হলেও সরকার বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এবং হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রায় দুই কোটি শিশাকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনও সক্রিয় রয়েছে। এ বিষয়ে দেশের পেশাজীবী, ছাত্র-জনতা ও সচেতন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: