odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th August 2026, ১১th August ২০২৬
৬ লাখ ৯০ হাজার অনুত্তীর্ণ, ঝুঁকিতে ৩৫ হাজার কোটি টাকার শিক্ষাবিনিয়োগ—এই ব্যর্থতা কি শিক্ষার্থীর, নাকি রাষ্ট্র, বিদ্যালয় ও মূল্যায়নব্যবস্থার? অডিটে উঠে এসেছে জবাবদিহির জরুরি প্রশ্ন

২০২৬ এসএসসি ব্যাচের প্রাক্কলিত ব্যয়–শিক্ষণ রিটার্ন অডিট: দশ বছরে কত টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়ল? │অধিকারপত্র এসএসসি ফলাফল প্রতিক্রিয়া-০১

Dr Mahbub | প্রকাশিত: ১১ August ২০২৬ ০৫:০৫

Dr Mahbub
প্রকাশিত: ১১ August ২০২৬ ০৫:০৫

অধিকারপত্র শিক্ষা সংস্কার ধারাবাহিকএসএসসি ফলাফল প্রতিক্রিয়া-০১/০৮দেশ চিন্তা

এই প্রতিক্রিয়ামূলক নিবেন্ধে এসএসসি ফলাফলকে কেবল পাস–ফেলের পরিসংখ্যান হিসেবে না দেখে রাষ্ট্র, পরিবার, শিক্ষণফল এবং ভবিষ্যৎ মানবসম্পদের সমন্বিত বিনিয়োগ হিসেবে বিশ্লেষণ করেছে। “মানুষ কখনো অপচয় নয়; অপচয় ঘটে ব্যবস্থায়”—এই নৈতিক অবস্থান লেখাটিকে মানবিক ও শিক্ষাবিজ্ঞানসম্মত ভিত্তি দিয়েছে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ শিক্ষার্থী। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত তাদের শিক্ষায় রাষ্ট্র ও পরিবার সম্মিলিতভাবে আনুমানিক ৩৫ হাজার ১২৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু এই পুরো অর্থকে কি শিক্ষাগত অপচয় বলা যায়? অধিকারপত্রের এই প্রাক্কলিত Cohort Expenditure and Learning Return Audit সরকারি ব্যয়, পারিবারিক বিনিয়োগ, শিক্ষণ-রিটার্ন, শ্রেণি পুনরাবৃত্তি, ঝরে পড়া, ভবিষ্যৎ আয়হানি এবং সামাজিক–মানসিক ক্ষতির সমন্বিত চিত্র অনুসন্ধান করেছে।
মধ্যম দৃশ্যপটে ৩৫ শতাংশ শিক্ষণ-রিটার্ন ক্ষতি ধরে সম্ভাব্য নেট শিক্ষাগত অপচয় প্রায় ১২ হাজার ২৯৩ কোটি টাকা বলে প্রাক্কলন করা হয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত সরকারি অডিট নয়; বরং বিদ্যমান উপাত্ত ও ঘোষিত অনুমানের ভিত্তিতে নির্মিত একটি নীতিগত সতর্কসংকেত। বিশ্লেষণটি দেখায়—অনুত্তীর্ণ শিক্ষার্থী নিজে “অপচয়” নয়; অপচয় ঘটে তখনই, যখন শিক্ষা বিনিয়োগ প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, সনদ এবং ভবিষ্যৎ জীবন-সুযোগে রূপান্তরিত হতে ব্যর্থ হয়।
কেন প্রায় সাত লাখ শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারল না? দায় কি কেবল শিক্ষার্থীর, নাকি শিক্ষকসংকট, অসম অর্থায়ন, দুর্বল পাঠদান, অপর্যাপ্ত সহায়তা এবং পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়নব্যবস্থারও? এই অনুসন্ধানী শিক্ষা-অর্থনৈতিক ফিচারটি জাতীয় পর্যায়ে প্রমাণভিত্তিক কোহোর্ট অডিট, পুনরুদ্ধারমূলক শিক্ষা এবং প্রকাশ্য রাষ্ট্রীয় জবাবদিহির জরুরি প্রয়োজন তুলে ধরেছে।

অধিকারপত্র এসএসসি ফলাফল প্রতিক্রিয়া: সম্পাদকীয় ডিসক্লেইমার

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে প্রকাশিত অধিকারপত্র এসএসসি ফলাফল প্রতিক্রিয়া ধারাবাহিকের নিবন্ধগুলো কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, সরকার কিংবা মতাদর্শের পক্ষে বা বিপক্ষে পরিচালিত নয়। এগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্নের আলোকে রচিত স্বাধীন, শিক্ষাবিজ্ঞানভিত্তিক ও জনস্বার্থমূলক বিশ্লেষণ।
প্রকাশিত নিবন্ধগুলোতে ব্যবহৃত তথ্য, পরিসংখ্যান, প্রাক্কলন ও তাত্ত্বিক ব্যাখ্যার উদ্দেশ্য কোনো শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান বা নির্দিষ্ট কর্তৃপক্ষকে অসম্মান কিংবা এককভাবে দায়ী করা নয়। বরং শহর–গ্রাম, অঞ্চল, শিক্ষাধারা, প্রতিষ্ঠান, আর্থসামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অর্থায়ন, শিক্ষার্থীপ্রতি ব্যয়, শিক্ষকপ্রাপ্যতা, গুণগত মান ও শিক্ষার ফলাফলের মধ্যে বিরাজমান বৈষম্য শনাক্ত করাই এর লক্ষ্য। প্রাক্কলিত আর্থিক হিসাবগুলো চূড়ান্ত সরকারি নিরীক্ষার বিকল্প নয়; এগুলো পূর্ণাঙ্গ Cohort Expenditure and Learning Return Audit-এর প্রয়োজনীয়তা তুলে ধরার বিশ্লেষণী প্রচেষ্টা।
আমরা বিশ্বাস করি, সমালোচনা রাষ্ট্র বা প্রতিষ্ঠানের বিরোধিতা নয়; প্রমাণভিত্তিক ও গঠনমূলক সমালোচনা ভুল শনাক্তকরণ, আত্মসমালোচনা, নীতিসংশোধন এবং গুণগত উন্নয়নের একটি মূল্যবান সুযোগ। তাই সংশ্লিষ্ট সরকার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রশাসন, বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, গবেষক ও নাগরিক সমাজের প্রতি আহ্বান—এই বিশ্লেষণগুলোকে প্রতিপক্ষের বক্তব্য হিসেবে নয়, শিক্ষা সংস্কারের সহায়ক উপাদান হিসেবে গ্রহণ করুন।
আমাদের অবস্থান স্পষ্ট: কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়—প্রতিটি শিশুর সমান মর্যাদা, ন্যায্য শিক্ষাসুযোগ এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষার পক্ষে।
শিক্ষাই বৈষম্য দূরীকরণের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অতএব শিক্ষাব্যবস্থার ভেতরকার বৈষম্য দূর করা কেবল প্রশাসনিক দায়িত্ব নয়; এটি মুক্তিযুদ্ধের স্বপ্নের বৈষম্যমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের অপরিহার্য রাষ্ট্রীয় অঙ্গীকার।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে লাখ ৯০ হাজার ৬০৮ জন। এই সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত রাষ্ট্র ও পরিবার তাদের পেছনে মোট কত টাকা ব্যয় করেছে? কাঙ্ক্ষিত সনদ ও শেখার ফল অর্জিত না হওয়ায় সেই বিনিয়োগের কত অংশকে শিক্ষাগত অপচয় বলা যায়?
বর্তমানে সরকার পরীক্ষার্থীভিত্তিক দশ বছরের প্রকৃত ব্যয় প্রকাশ করে না। ফলে এখানে উপস্থাপিত হিসাবটি কোনো চূড়ান্ত সরকারি অডিট নয়; এটি বিদ্যমান গবেষণা ও কয়েকটি ঘোষিত অনুমানের ভিত্তিতে তৈরি একটি প্রাক্কলিত Cohort Expenditure and Learning Return Audit। এর উদ্দেশ্য একটি সম্ভাব্য আর্থিক মাত্রা দেখানো এবং পূর্ণাঙ্গ সরকারি অডিটের প্রয়োজন তুলে ধরা।

কাদের হিসাব করা হচ্ছে?

২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে:

  • উত্তীর্ণ: ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন
  • অনুত্তীর্ণ: ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন
  • অনুত্তীর্ণের হার: ৩৭ দশমিক ৭৫ শতাংশ

এই হিসাব শুধু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে। যারা প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল কিন্তু দশম শ্রেণি পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাদের ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়। ফলে পুরো ব্যাচের প্রকৃত শিক্ষাগত ক্ষতি এই প্রাক্কলনের চেয়ে আরও বেশি হতে পারে।

দশ বছরে একজন শিক্ষার্থীর পেছনে আনুমানিক ব্যয়

বাংলাদেশে একটি শিশুর প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাযাত্রা মোটামুটি দুই ভাগে বিভক্ত:

  • প্রাথমিক: প্রথম–পঞ্চম শ্রেণি—৫ বছর
  • মাধ্যমিক: ষষ্ঠ–দশম শ্রেণি—৫ বছর

বিশ্বব্যাংকের পুরোনো জেলা-ভিত্তিক হিসাবে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীপ্রতি সরকারি ব্যয় বছরে প্রায় ৭ হাজার থেকে ২৩ হাজার টাকার মধ্যে ব্যাপকভাবে ওঠানামা করত—যা অঞ্চলভিত্তিক অর্থায়নের বৈষম্যও নির্দেশ করে। সাম্প্রতিক বিভিন্ন পর্যালোচনায় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীপ্রতি বার্ষিক সরকারি ব্যয় প্রায় ১৮ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

বর্তমান মূল্যস্তর ও বাজেট বৃদ্ধির কথা বিবেচনা করে এই প্রাক্কলনে মাধ্যমিক পর্যায়ে বার্ষিক সরকারি ব্যয় গড়ে ২৫ হাজার টাকা ধরা হয়েছে। এটি একটি বিশ্লেষণী অনুমান—নিরীক্ষিত সরকারি অঙ্ক নয়। অন্যদিকে Education Watch 2023 অনুযায়ী, পরিবারকে একজন প্রাথমিক শিক্ষার্থীর পেছনে বছরে গড়ে ১৭ হাজার ২৯৪ টাকা এবং মাধ্যমিক শিক্ষার্থীর পেছনে ৪১ হাজার ৪২৪ টাকা ব্যয় করতে হয়েছে। গ্রামীণ পরিবারে ব্যয় তুলনামূলক কম হলেও সেই কম ব্যয়ের সঙ্গে সীমিত শিক্ষা-সুযোগের সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত টিউশন ও বাণিজ্যিক গাইডবই এই পারিবারিক ব্যয়ের বড় উৎস।

ভিত্তিমূলক বা মধ্যম প্রাক্কলন

ব্যয়ের উৎস

প্রাথমিক: বছর

মাধ্যমিক: বছর

১০ বছরে মোট

আনুমানিক সরকারি ব্যয়

১৮,০০০ × ৫ = ৯০,০০০

২৫,০০০ × ৫ = ১,২৫,০০০

২,১৫,০০০ টাকা

আনুমানিক পারিবারিক ব্যয়

১৭,২৯৪ × ৫ = ৮৬,৪৭০

৪১,৪২৪ × ৫ = ২,০৭,১২০

২,৯৩,৫৯০ টাকা

সরকারি পারিবারিক মোট বিনিয়োগ

৫,০৮,৫৯০ টাকা

অর্থাৎ বর্তমান বা তুলনীয় মূল্যস্তরে একজন এসএসসি পরীক্ষার্থীর প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যক্ষ সরকারি ও পারিবারিক শিক্ষাব্যয় আনুমানিক লাখ হাজার ৫৯০ টাকা। এর মধ্যে:

  • রাষ্ট্রের আনুমানিক অংশ: ২ লাখ ১৫ হাজার টাকা
  • পরিবারের আনুমানিক অংশ: ২ লাখ ৯৩ হাজার ৫৯০ টাকা

এই অঙ্কে শিক্ষার্থীর সময়, শিশুশ্রম পরিহারের সুযোগব্যয়, যাতায়াতের সময়, অভিভাবকের শ্রম, অবকাঠামোর দীর্ঘমেয়াদি মূলধনী ব্যয়, পুনঃপরীক্ষার ভবিষ্যৎ খরচ এবং অনুত্তীর্ণ হওয়ার কারণে সম্ভাব্য আয়হানি পুরোপুরি অন্তর্ভুক্ত হয়নি।

পুরো পরীক্ষার্থী ব্যাচে কত বিনিয়োগ হয়েছে?

অর্থাৎ প্রায় ৩৫ হাজার কোটি টাকার শিক্ষাবিনিয়োগ এখন প্রত্যাশিত মাধ্যমিক সনদ ও ধারাবাহিক উচ্চশিক্ষায় প্রবেশের দিক থেকে ঝুঁকির মধ্যে পড়েছে।

তাহলে কি পুরো ৩৫ হাজার ১২৪ কোটি টাকাই নষ্ট?

না। পুরো অঙ্ককে “অপচয়” বলা শিক্ষা-অর্থনীতির বিচারে ভুল হবে। কেননা একজন শিক্ষার্থী এসএসসিতে অনুত্তীর্ণ হলেও দশ বছরে পড়তে, লিখতে, হিসাব করতে, যোগাযোগ করতে এবং সামাজিক জীবনে অংশ নিতে শিখেছে। অনেকে পুনঃনিরীক্ষা বা পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হবে। ফলে তাদের পেছনে ব্যয় করা সম্পূর্ণ অর্থ শূন্য রিটার্ন দেয়নি। এই কারণে তিনটি ধারণা আলাদা করা জরুরি:

  • মোট বিনিয়োগ: অনুত্তীর্ণদের পেছনে ব্যয় করা পুরো ৩৫,১২৪ কোটি টাকা
  • ঝুঁকিতে থাকা বিনিয়োগ: সনদ, পরবর্তী শিক্ষা ও কর্মসংস্থানে প্রত্যাশিত রিটার্ন না আসায় অনিশ্চিত হয়ে পড়া অর্থ
  • নেট শিক্ষাগত অপচয়: শেখার ঘাটতি, পুনরাবৃত্তি, ঝরে পড়া ও ভবিষ্যৎ সুযোগহানির কারণে যে অংশ কার্যকর রিটার্ন দেবে না

নেট অপচয় নির্ধারণের জন্য একটি Learning Return Loss Coefficient বা শিক্ষণ-রিটার্ন ক্ষতি সহগ ব্যবহার করা যেতে পারে।

সম্ভাব্য নেট অপচয়ের তিনটি দৃশ্যপট

পরিস্থিতি

বিনিয়োগের রিটার্ন হারানোর অনুমান

আনুমানিক নেট অপচয়

নিম্ন ক্ষতি

২০%

৭,০২৫ কোটি টাকা

মধ্যম ক্ষতি

৩৫%

১২,২৯৩ কোটি টাকা

উচ্চ ক্ষতি

৫০%

১৭,৫৬২ কোটি টাকা

অতএব একটি যুক্তিসংগত মধ্যম প্রাক্কলনে বলা যায়: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পেছনে দশ বছরের প্রায় ৩৫ হাজার ১২৪ কোটি টাকার সরকারি ও পারিবারিক বিনিয়োগ প্রত্যাশিত রিটার্ন অর্জন করতে পারেনি; এর মধ্যে আনুমানিক ১২ হাজার ২৯৩ কোটি টাকা নেট শিক্ষাগত অপচয়ের ঝুঁকিতে থাকতে পারে তবে এটি চূড়ান্ত ক্ষতির অঙ্ক নয়। পুনঃপরীক্ষায় উত্তীর্ণের হার, স্থায়ী ঝরে পড়া, প্রকৃত শেখার অর্জন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান অনুসরণ না করা পর্যন্ত এই অঙ্ক নিশ্চিত করা যাবে না।

ব্যয়ের ভিন্ন অনুমানে ফল কতটা বদলায়?

শহর-গ্রাম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কোচিং, যাতায়াত ও শিক্ষকসংকটের কারণে মাথাপিছু ব্যয় ব্যাপকভাবে পরিবর্তিত হয়। তাই তিনটি ব্যয়-পরিস্থিতি দেখলে প্রাক্কলনের সীমা আরও পরিষ্কার হয়।

ব্যয়-পরিস্থিতি

দশ বছরে মাথাপিছু ব্যয়

অনুত্তীর্ণদের পেছনে মোট বিনিয়োগ

৩৫% ক্ষতি ধরে নেট অপচয়

নিম্ন ব্যয়

৩,৮০,০০০ টাকা

২৬,২৪৩ কোটি

৯,১৮৫ কোটি

মধ্যম ব্যয়

৫,০৮,৫৯০ টাকা

৩৫,১২৪ কোটি

১২,২৯৩ কোটি

উচ্চ ব্যয়

৬,৮৫,০০০ টাকা

৪৭,৩০৭ কোটি

১৬,৫৫৭ কোটি

এই হিসাবে সম্ভাব্য নেট শিক্ষাগত অপচয় প্রায় ৯ হাজার ১৮৫ কোটি থেকে ১৬ হাজার ৫৫৭ কোটি টাকার মধ্যে হতে পারে। সবচেয়ে গ্রহণযোগ্য মধ্যম প্রাক্কলন প্রায় ১২ হাজার ২৯৩ কোটি টাকা।

দৃশ্যমান হিসাবের বাইরের অদৃশ্য ক্ষতি

উপরের হিসাবে শুধু প্রত্যক্ষ শিক্ষা ব্যয় বিবেচনা করা হয়েছে। কিন্তু অনুত্তীর্ণতার প্রকৃত সামাজিক ব্যয় আরও বড়:

  • পুনঃপরীক্ষা ও অতিরিক্ত এক বছরের পড়াশোনার খরচ;
  • উচ্চমাধ্যমিকে প্রবেশে বিলম্ব;
  • স্থায়ীভাবে ঝরে পড়ার আশঙ্কা;
  • অল্প বয়সে শ্রমবাজারে প্রবেশ;
  • মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহের বাড়তি ঝুঁকি;
  • মানসিক স্বাস্থ্যসেবা ও পারিবারিক সংকটের ব্যয়;
  • ভবিষ্যৎ আয় ও কর প্রদানের সক্ষমতা হ্রাস;
  • দক্ষ মানবসম্পদ না পাওয়ায় জাতীয় উৎপাদনশীলতার ক্ষতি।

যদি কোনো শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ার পর স্থায়ীভাবে শিক্ষা ছেড়ে দেয়, তার ক্ষতি শুধু পূর্ববর্তী পাঁচ লাখ টাকার বিনিয়োগে সীমাবদ্ধ থাকে না; ভবিষ্যৎ জীবনের সম্ভাব্য আয়হানিও যুক্ত হয়। সেই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি কয়েক গুণ বড় হতে পারে।

সবচেয়ে দরিদ্র পরিবারের ক্ষতিই সবচেয়ে নির্মম

প্রাক্কলন অনুযায়ী একটি পরিবার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন শিশুর পেছনে গড়ে প্রায় ২ লাখ ৯৩ হাজার ৫৯০ টাকা ব্যয় করতে পারে। দরিদ্র পরিবারের ক্ষেত্রে নগদ ব্যয় তুলনামূলক কম হলেও সেই টাকা সংগ্রহের সামাজিক মূল্য অনেক বেশি—ঋণ, সম্পদ বিক্রি, খাদ্য বা চিকিৎসার ব্যয় কমানো কিংবা পরিবারের অন্য সন্তানের সুযোগ সংকুচিত করা।

একটি সচ্ছল পরিবারের সন্তান অনুত্তীর্ণ হলে তার জন্য পুনঃপরীক্ষা, কোচিং ও মানসিক সহায়তার ব্যবস্থা করা সম্ভব। কিন্তু দরিদ্র পরিবারের শিশুর একটি অনুত্তীর্ণতা পুরো শিক্ষাজীবনের সমাপ্তি ডেকে আনতে পারে। অতএব একই ফলাফল দরিদ্র ও ধনী পরিবারের জন্য একই আর্থিক অভিঘাত সৃষ্টি করে না। এখানেই পরীক্ষার ব্যর্থতা শ্রেণিগত বৈষম্যকে আরও গভীর করে।

রাষ্ট্রীয় Cohort Audit কীভাবে করতে হবে

প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি গোপনীয় ও সুরক্ষিত Education Cohort ID ব্যবহার করে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত নিম্নলিখিত তথ্য অনুসরণ করা প্রয়োজন:

  1. প্রতি বছরে সরকারি মাথাপিছু ব্যয়
  2. পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ শিক্ষা ব্যয়
  3. বিদ্যালয়ে উপস্থিতি ও শ্রেণি পুনরাবৃত্তি
  4. বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানে শেখার অগ্রগতি
  5. বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক ও অবকাঠামোর প্রাপ্যতা
  6. শহর-গ্রাম, দারিদ্র্য, লিঙ্গ ও প্রতিবন্ধিতাভিত্তিক বৈষম্য
  7. পঞ্চম ও অষ্টম শ্রেণি পর্যায়ে শিক্ষণ-ঘাটতি
  8. এসএসসি ফল, পুনঃনিরীক্ষা ও পুনঃপরীক্ষার ফল
  9. একাদশ শ্রেণিতে ভর্তি অথবা স্থায়ী ঝরে পড়া
  10. পরবর্তী তিন বছরে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের অবস্থা

শিক্ষাগত অপচয় নিরূপণের মৌলিক সূত্র: ব্যয়ের অঙ্ক থেকে মানবিক ক্ষতির পূর্ণাঙ্গ অডিট

শিক্ষায় বিনিয়োগের হিসাব কেবল বিদ্যালয় নির্মাণ, শিক্ষকের বেতন, পাঠ্যপুস্তক, কোচিং, যাতায়াত কিংবা পরীক্ষার ফি যোগ করার সাধারণ অঙ্ক নয়। এর সঙ্গে যুক্ত থাকে একটি শিশুর জীবনের মূল্যবান সময়, একটি পরিবারের বহু বছরের ত্যাগ, রাষ্ট্রের উন্নয়ন-প্রত্যাশা এবং ভবিষ্যৎ মানবসম্পদ গড়ে ওঠার সম্ভাবনা। ফলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে, একই শ্রেণিতে পুনরায় পড়তে বাধ্য হলে কিংবা শিক্ষা থেকে স্থায়ীভাবে ঝরে পড়লে—ক্ষতিটিকে শুধু পরীক্ষার ফলাফলের একটি সংখ্যায় সীমাবদ্ধ রাখা যায় না। এটি একই সঙ্গে অর্থনৈতিক, শিক্ষাগত, সামাজিক, মানসিক এবং আন্তঃপ্রজন্মগত ক্ষতির ঘটনা।

এই অডিটের উদ্দেশ্য তাই কোনো অনুত্তীর্ণ শিক্ষার্থীকে ‘অপচয়’ হিসেবে চিহ্নিত করা নয়। মানুষ কখনো অপচয় নয়; অপচয় ঘটে সেই ব্যবস্থায়, যে ব্যবস্থা দীর্ঘদিন বিনিয়োগ করেও শিক্ষার্থীর প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, সক্ষমতা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যর্থ হয়। এখানে ‘শিক্ষাগত অপচয়’ বলতে শিক্ষার্থীর মূল্যহানি নয়, বরং রাষ্ট্র ও পরিবারের বিনিয়োগের যে অংশ প্রত্যাশিত শিক্ষণফল, সনদ, দক্ষতা ও জীবন-সুযোগে রূপান্তরিত হয়নি—সেই ব্যবস্থাগত ক্ষতিকে বোঝানো হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাগত অপচয়ের মৌলিক হিসাব দাঁড়াবে—

নেট শিক্ষাগত অপচয়=মোট সরকারি পারিবারিক বিনিয়োগ×শিক্ষণ-রিটার্ন ক্ষতি সহগ

এখানে ‘মোট সরকারি ও পারিবারিক বিনিয়োগ’ বলতে একজন শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের পেছনে রাষ্ট্র ও পরিবার—উভয় পক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় বোঝানো হবে। সরকারি বিনিয়োগের মধ্যে শিক্ষক-কর্মচারীর বেতন, বিদ্যালয়ের অবকাঠামো, পাঠ্যপুস্তক, উপবৃত্তি, প্রশাসন, প্রশিক্ষণ, পরীক্ষা পরিচালনা এবং শিক্ষা-সহায়ক কার্যক্রম অন্তর্ভুক্ত হতে পারে। অন্যদিকে পারিবারিক বিনিয়োগের মধ্যে ভর্তি ও পরীক্ষার ফি, পোশাক, শিক্ষা-উপকরণ, যাতায়াত, ডিজিটাল যন্ত্র ও ইন্টারনেট, প্রাইভেট টিউশন বা কোচিং, পুষ্টি, বাসস্থান এবং অভিভাবকের সময় ও শ্রমের সুযোগব্যয় বিবেচনায় নিতে হবে।

কিন্তু মোট বিনিয়োগের পুরোটাকেই স্বয়ংক্রিয়ভাবে অপচয় বলা ন্যায়সংগত বা বৈজ্ঞানিক হবে না। একজন শিক্ষার্থী কাঙ্ক্ষিত সনদ অর্জন করতে না পারলেও বিদ্যালয়জীবন থেকে সাক্ষরতা, সংখ্যাজ্ঞান, সামাজিকতা, আত্মপরিচয়, যোগাযোগদক্ষতা কিংবা জীবনঘনিষ্ঠ কিছু সক্ষমতা অর্জন করতে পারে। সেই অর্জনকে অস্বীকার করলে অডিট অতিরঞ্জিত হবে। এ কারণেই সূত্রে ‘শিক্ষণ-রিটার্ন ক্ষতি সহগ’ ব্যবহার করা প্রয়োজন।

এই সহগ নির্দেশ করবে—বিনিয়োগের কত অংশ প্রত্যাশিত শিক্ষণফলে রূপান্তরিত হয়নি। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থী দশ বছর বিদ্যালয়ে থেকেও যদি শ্রেণি-উপযোগী পাঠদক্ষতা, গাণিতিক সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা কিংবা মাধ্যমিক সনদের ধারাবাহিকতা অর্জন করতে না পারে, তবে তার ক্ষেত্রে শিক্ষণ-রিটার্ন ক্ষতির হার তুলনামূলকভাবে বেশি হবে। আবার অনুত্তীর্ণ হওয়ার পরও যে শিক্ষার্থী পুনরায় পরীক্ষায় অংশ নেয়, প্রয়োজনীয় সহায়তা পায় এবং পরবর্তী শিক্ষায় ফিরে আসে, তার ক্ষতি স্থায়ীভাবে ঝরে পড়া শিক্ষার্থীর সমান হবে না।

অতএব, এই সহগ একটি অনুমাননির্ভর একক সংখ্যা না হয়ে প্রমাণভিত্তিক সূচক হওয়া প্রয়োজন। শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা, পুনঃপরীক্ষায় অংশগ্রহণ, শিক্ষায় প্রত্যাবর্তন, কারিগরি বা বিকল্প ধারায় প্রবেশ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা—এসব বিবেচনায় নিয়ে নিম্ন, মধ্যম ও উচ্চ—তিনটি পরিস্থিতিতে সহগ নির্ধারণ করা যেতে পারে।

তবে শিক্ষাগত অপচয়ের পূর্ণাঙ্গ মূল্য কেবল অতীতে ব্যয় হওয়া অর্থ দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়। একটি ব্যর্থ বা বর্জনমূলক শিক্ষাব্যবস্থা ভবিষ্যতেও নতুন ব্যয় ও ক্ষতির জন্ম দেয়। তাই নেট শিক্ষাগত অপচয়ের সঙ্গে আলাদাভাবে তিন ধরনের পরবর্তী ব্যয় যুক্ত করতে হবে—

পূর্ণাঙ্গ শিক্ষাগত ক্ষতি
=
নেট শিক্ষাগত অপচয়+পুনরাবৃত্তির ব্যয়+ঝরে পড়ার কারণে ভবিষ্যৎ আয়হানি+সামাজিক মানসিক ক্ষতির ব্যয়

পুনরাবৃত্তির ব্যয়: একই পথ দ্বিতীয়বার অতিক্রমের মূল্য

একজন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়ে একই শ্রেণিতে পুনরায় পড়লে বা পুনরায় পরীক্ষায় অংশ নিলে নতুন করে সরকারি ও পারিবারিক ব্যয় সৃষ্টি হয়। আবার শ্রেণিকক্ষে বসার জায়গা, শিক্ষকের সময়, পাঠ্যসামগ্রী, যাতায়াত, কোচিং, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের জন্য অর্থ ব্যয় করতে হয়। পরিবারের ওপরও বাড়তি খরচের চাপ পড়ে এবং শিক্ষার্থীর জীবনের আরও একটি বছর প্রাতিষ্ঠানিক পুনরাবৃত্তিতে চলে যায়।

এটি শুধু একই খরচ দ্বিতীয়বার বহনের ঘটনা নয়। শিক্ষার্থী যখন তার সমবয়সীদের তুলনায় এক বছর পিছিয়ে পড়ে, তখন তার উচ্চশিক্ষা ও শ্রমবাজারে প্রবেশও বিলম্বিত হয়। ফলে পুনরাবৃত্তির ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ শিক্ষাব্যয়ের পাশাপাশি হারানো সময় এবং বিলম্বিত আয়ের সুযোগব্যয়ও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

ঝরে পড়ার কারণে ভবিষ্যৎ আয়হানি: অসমাপ্ত শিক্ষার দীর্ঘ ছায়া

অনুত্তীর্ণতা যদি স্থায়ী ঝরে পড়ায় রূপ নেয়, তবে ক্ষতির পরিধি বিদ্যালয়ের সীমানা ছাড়িয়ে শিক্ষার্থীর পুরো কর্মজীবনে বিস্তৃত হয়। মাধ্যমিক সনদ অর্জন করতে না পারা একজন তরুণ বা তরুণী সাধারণত উচ্চশিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের বহু সুযোগ থেকে বঞ্চিত হয়। তার সম্ভাব্য আয় কমে যেতে পারে; অনিরাপদ, অনানুষ্ঠানিক ও কম মজুরির কাজে যুক্ত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

এই ভবিষ্যৎ আয়হানি একদিকে ব্যক্তিগত ক্ষতি, অন্যদিকে রাষ্ট্রেরও ক্ষতি। আয় কমে গেলে কর ও উৎপাদনশীলতা হ্রাস পায়, সামাজিক সুরক্ষার প্রয়োজন বাড়ে এবং দারিদ্র্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অতএব, সম্ভাব্য ভবিষ্যৎ আয়হানি নিরূপণের সময় শিক্ষার স্তরভেদে গড় আয়, কর্মসংস্থানের সম্ভাবনা, কর্মজীবনের প্রত্যাশিত মেয়াদ এবং ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য বিবেচনায় নিতে হবে।

তবে এটিও মনে রাখা জরুরি—পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া মানেই আজীবন আয়হানি অবধারিত নয়। কারিগরি শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, পুনঃপরীক্ষা, উন্মুক্ত শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ পেলে শিক্ষার্থী পুনরুদ্ধারের পথ খুঁজে পেতে পারে। তাই ভবিষ্যৎ আয়হানির হিসাব একক চূড়ান্ত অঙ্ক হিসেবে নয়; বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে উপস্থাপন করাই অধিক গ্রহণযোগ্য।

সামাজিক মানসিক ক্ষতি: যে ব্যয়ের রসিদ পাওয়া যায় না

শিক্ষাগত ব্যর্থতার সবচেয়ে গভীর কিছু ক্ষতি টাকার খাতায় সরাসরি দৃশ্যমান হয় না। অনুত্তীর্ণতার সঙ্গে অনেক সময় লজ্জা, অপমান, আত্মবিশ্বাসের সংকট, উদ্বেগ, বিষণ্নতা, পারিবারিক চাপ এবং সামাজিক বিচ্ছিন্নতা যুক্ত হয়। শিক্ষার্থী নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করতে পারে; পরিবারও তাকে দোষারোপ করতে পারে। কখনো সহপাঠী, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীর নেতিবাচক প্রতিক্রিয়া তার মানসিক সংকট আরও বাড়িয়ে দেয়।

বিশেষত দারিদ্র্যপীড়িত পরিবার, প্রতিবন্ধী শিক্ষার্থী, গ্রামীণ ও দুর্গম অঞ্চলের শিশু, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সামাজিকভাবে প্রান্তিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ক্ষতি আরও তীব্র হতে পারে। কারও ক্ষেত্রে অনুত্তীর্ণতা শিশুশ্রম, ঝুঁকিপূর্ণ কাজ, অল্প বয়সে বিয়ে, সহিংসতা কিংবা স্থায়ী সামাজিক বর্জনের দিকে ঠেলে দিতে পারে।

এসব ক্ষতির সুনির্দিষ্ট আর্থিক মূল্য নির্ধারণ কঠিন হলেও তাই বলে এগুলোকে শূন্য ধরে নেওয়া যায় না। মানসিক স্বাস্থ্যসেবার সম্ভাব্য ব্যয়, পরিবারের কর্মঘণ্টার ক্ষতি, সামাজিক সহায়তার প্রয়োজন, অল্প বয়সে বিয়ে বা শিশুশ্রমের ঝুঁকি এবং জীবনমানের অবনতি—এসবের ভিত্তিতে একটি সতর্ক সামাজিক-ব্যয় সূচক তৈরি করা যেতে পারে। যেখানে নির্ভরযোগ্য তথ্য নেই, সেখানে অর্থমূল্যের সঙ্গে গুণগত বর্ণনা ও মানবিক প্রভাবের পৃথক সূচক ব্যবহার করাই বেশি সৎ ও বৈজ্ঞানিক।

অডিটের মানবিক নৈতিক তাৎপর্য

এই অডিট কোনো শিক্ষার্থীকে ব্যর্থতার কাঠগড়ায় দাঁড় করানোর হিসাব নয়; বরং শিক্ষাব্যবস্থাকে জবাবদিহির আয়নায় দেখার একটি পদ্ধতি। প্রশ্নটি হওয়া উচিত নয়—“শিক্ষার্থী কেন ব্যর্থ হলো?” একমাত্র প্রশ্ন হওয়া উচিত আরও বিস্তৃত: বিদ্যালয়, পাঠ্যক্রম, পাঠদান, মূল্যায়ন, পরিবার-সহায়তা, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রীয় নীতির কোন কোন ঘাটতি তাকে প্রত্যাশিত শিক্ষণফল অর্জন থেকে বঞ্চিত করল?

অতএব, নেট শিক্ষাগত অপচয় হবে একটি ব্যবস্থাগত সূচক—শিক্ষার্থীর ব্যক্তিগত মূল্য বা সম্ভাবনার পরিমাপ নয়। এর কাজ হবে কোথায় বিনিয়োগ শিক্ষণে রূপান্তরিত হচ্ছে না, কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথায় পুনরুদ্ধারমূলক সহায়তা প্রয়োজন এবং কোন নীতিগত পরিবর্তন ভবিষ্যতের ক্ষতি প্রতিরোধ করতে পারে—সেগুলো শনাক্ত করা।

শেষ পর্যন্ত এই হিসাবের কেন্দ্রে টাকা নয়, মানুষ। প্রতিটি অনুত্তীর্ণ সংখ্যার পেছনে রয়েছে একটি মুখ, একটি পরিবার, দশ বছরের পথচলা এবং এখনো পুরোপুরি নিভে না যাওয়া একটি সম্ভাবনা। অডিট যদি কেবল ক্ষতির অঙ্ক ঘোষণা করে থেমে যায়, তবে তা হবে নিষ্ঠুর হিসাবরক্ষণ। আর যদি সেই অঙ্ক রাষ্ট্রকে পুনঃশিক্ষণ, পুনঃপরীক্ষা, মানসিক সহায়তা, কারিগরি বিকল্প এবং শিক্ষায় প্রত্যাবর্তনের কার্যকর পথ নির্মাণে বাধ্য করে—তবেই এই হিসাব একটি মানবিক ও ন্যায়ভিত্তিক শিক্ষা সংস্কারের হাতিয়ার হয়ে উঠবে।

টাকার হিসাব আসলে দায়ের হিসাব

মধ্যম প্রাক্কলনে প্রায় ১২ হাজার ২৯৩ কোটি টাকার নেট শিক্ষাগত অপচয় কোনো শিশুর ব্যক্তিগত ব্যর্থতার মূল্য নয়। এটি শিক্ষকসংকট, অসম অর্থায়ন, দুর্বল পাঠদান, অপর্যাপ্ত তদারকি, পরীক্ষাকেন্দ্রিক মূল্যায়ন এবং সময়মতো সহায়তা না দেওয়ার সম্মিলিত সম্ভাব্য মূল্য।

একটি কারখানায় উৎপাদনের ৩৭ দশমিক ৭৫ শতাংশ পণ্য চূড়ান্ত মান পরীক্ষায় অযোগ্য হলে পরিচালনা পর্ষদ জরুরি তদন্ত করত। উৎপাদনপ্রক্রিয়া, যন্ত্রপাতি, কাঁচামাল, তদারকি ও ব্যবস্থাপকের দায় পরীক্ষা করা হতো। কিন্তু শিক্ষাব্যবস্থায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ শিশু চূড়ান্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও আমরা মূলত শিশুদের ফলাফল নিয়েই আলোচনা করি—ব্যবস্থার ব্যয়–ফলাফল হিসাব করি না।

২০২৬ সালের এসএসসি ফল তাই শুধু একটি পরীক্ষার পরিসংখ্যান নয়; এটি প্রায় ৩৫ হাজার কোটি টাকার ঝুঁকিতে থাকা বিনিয়োগ এবং আনুমানিক ১২ হাজার কোটি টাকার সম্ভাব্য নেট শিক্ষাগত অপচয়ের সতর্কসংকেত

রাষ্ট্রকে এখন বলতে হবে—কোথায় টাকা ব্যয় হয়েছে, কে কী শিক্ষা পেয়েছে এবং প্রায় সাত লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রত্যাশিত রিটার্ন কেন আসেনি। কারণ জনগণের অর্থে পরিচালিত শিক্ষাব্যবস্থায় ফলাফল প্রকাশ করা যথেষ্ট নয়; প্রতিটি ব্যর্থ বিনিয়োগেরও প্রকাশ্য হিসাব দিতে হয়।

শেষকথা

২০২৬ সালের এসএসসি ফলাফল আমাদের সামনে দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য হাজির করেছে। প্রথম দৃশ্যে আছে পরীক্ষার ফলাফলের পরিচিত ছক—কতজন পাস করল, কতজন অনুত্তীর্ণ হলো এবং কোন বোর্ড এগিয়ে বা পিছিয়ে রইল। দ্বিতীয় দৃশ্যটি আরও গভীর ও অস্বস্তিকর: দশ বছর ধরে প্রায় সাত লাখ শিক্ষার্থীর পেছনে রাষ্ট্র ও পরিবার যে অর্থ, সময়, শ্রম, স্বপ্ন ও সম্ভাবনা বিনিয়োগ করেছে, তার প্রত্যাশিত রিটার্ন কেন অর্জিত হলো না?

মধ্যম প্রাক্কলন অনুযায়ী, অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পেছনে প্রায় ৩৫ হাজার ১২৪ কোটি টাকার সম্মিলিত শিক্ষাবিনিয়োগ রয়েছে। এর সম্পূর্ণটাই নষ্ট হয়নি—কারণ একটি পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বিদ্যালয়জীবনে সাক্ষরতা, সংখ্যাজ্ঞান, সামাজিকতা ও জীবনদক্ষতা অর্জন করেছে। কিন্তু সনদ, পরবর্তী শিক্ষা, প্রশিক্ষণ এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পথে প্রতিবন্ধকতা তৈরি হলে সেই বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অংশ ঝুঁকিতে পড়ে। ৩৫ শতাংশ শিক্ষণ-রিটার্ন ক্ষতির মধ্যম দৃশ্যপটে সম্ভাব্য নেট অপচয়ের অঙ্ক প্রায় ১২ হাজার ২৯৩ কোটি টাকা—যা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কিন্তু রাষ্ট্রীয় অনুসন্ধানের জন্য যথেষ্ট বড় সতর্কসংকেত।

এই ব্যর্থতাকে শিক্ষার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে ব্যাখ্যা করা হবে গভীর অবিচার। একই পাঠ্যক্রম, পাঠদান ও পরীক্ষা সব শিক্ষার্থীকে সমান সুযোগ দেয় না। দারিদ্র্য, অঞ্চল, প্রতিবন্ধিতা, শিক্ষকসংকট, ডিজিটাল বিভাজন, কোচিংনির্ভরতা এবং বিদ্যালয়ভিত্তিক বৈষম্য ফলাফলকে প্রভাবিত করে। তাই ফলাফলের দায়ও শিক্ষার্থী একা বহন করতে পারে না।

এখন প্রয়োজন প্রতিটি অনুত্তীর্ণ শিক্ষার্থীকে দ্রুত শনাক্ত করে পুনঃশিক্ষণ, পুনঃপরীক্ষা, মানসিক সহায়তা, কারিগরি শিক্ষা এবং মূলধারায় প্রত্যাবর্তনের পথ নিশ্চিত করা। পাশাপাশি প্রথম শ্রেণি থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সুরক্ষিত জাতীয় কোহোর্ট অডিট চালু করতে হবে। এতে বোঝা যাবে—অর্থ কোথায় ব্যয় হয়েছে, শিক্ষার্থী কী শিখেছে, কখন পিছিয়ে পড়েছে এবং কোন সহায়তা তাকে আবার সামনে এগিয়ে নিতে পারে।

চূড়ান্ত মন্তব্য

একটি জাতির শিক্ষা-অডিটের শেষ সারিতে শুধু টাকা থাকে না; সেখানে থাকে মানুষের অসমাপ্ত সম্ভাবনা। প্রায় সাত লাখ অনুত্তীর্ণ শিক্ষার্থী সাত লাখ “ব্যর্থতা” নয়—তারা শিক্ষাব্যবস্থার কাছে উত্থাপিত সাত লাখ জীবন্ত প্রশ্ন।

রাষ্ট্র যদি শুধু ফলাফল প্রকাশ করে দায় শেষ করে, তবে ৩৫ হাজার কোটি টাকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কেবল একটি সংবাদশিরোনাম হয়ে থাকবে। কিন্তু যদি এই হিসাবের ভিত্তিতে প্রতিটি শিক্ষার্থীর জন্য পুনরুদ্ধারের দ্বিতীয় দরজা খোলা হয়, তবে আজকের অনুত্তীর্ণতা আগামী দিনের স্থায়ী বঞ্চনায় পরিণত হবে না। অতএব, এখন শিক্ষার্থীর কৈফিয়ত নয়—শিক্ষাব্যবস্থার জবাব দেওয়ার সময়। জনগণের অর্থে পরিচালিত শিক্ষায় শুধু পাসের হার প্রকাশ করাই যথেষ্ট নয়; কেন শেখা হলো না, কোথায় সহায়তা ব্যর্থ হলো এবং কীভাবে প্রতিটি শিশুকে ফিরিয়ে আনা হবে—রাষ্ট্রকে তারও প্রকাশ্য হিসাব দিতে হবে।

লেখক: অধ্যাপক মাহবুবুর রহমান লিটু, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা সম্পাদক, অধিকারপত্র (odhikarpatranews@gmail.com)

#এসএসসি২০২৬ #SSCResult2026 #শিক্ষাবিনিয়োগ #শিক্ষাগতঅপচয় #শিক্ষণরিটার্ন #শিক্ষাঅডিট #CohortAudit #EducationAudit #শিক্ষাসংস্কার #শিক্ষাবৈষম্য #শিক্ষার্থীরঅধিকার #রাষ্ট্রীয়জবাবদিহি #পরিবারেরবিনিয়োগ #ঝরেপড়া #পুনরুদ্ধারমূলকশিক্ষা #মানবসম্পদ #শিক্ষাঅর্থনীতি #EducationEconomics #LearningLoss #RightToEducation #অধিকারপত্র #এসএসসিফলাফলপ্রতিক্রিয়া

পাঠকের প্রতি বিশেষ অনুরোধ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল কেবল কতজন শিক্ষার্থী পাস বা ফেল করেছে, কোন শিক্ষা বোর্ড এগিয়ে কিংবা পিছিয়ে রয়েছে—সেই সংখ্যাগত হিসাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ফলাফলের গভীরে লুকিয়ে আছে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অর্জন ও সীমাবদ্ধতা, অঞ্চলভেদে সুযোগের বৈষম্য, প্রতিষ্ঠানগত দুর্বলতা, শিক্ষার্থীদের আর্থসামাজিক বাস্তবতা এবং রাষ্ট্রীয় সহায়তার ঘাটতির এক বিস্তৃত চিত্র।

এসব বিষয় নিবিড়ভাবে বিশ্লেষণ করে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে বিন্যস্ত করা এবং সবার জন্য কল্যাণমুখী, গুণগত, সাম্যভিত্তিক ও একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অধিকারপত্র ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে মোট আটটি প্রতিক্রিয়ামূলক বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশ করতে যাচ্ছে। এই ধারাবাহিকে ফলাফলের অন্তর্নিহিত কারণ, বিদ্যমান বৈষম্য, শিক্ষার্থী–শিক্ষক–প্রতিষ্ঠানের বাস্তবতা, নীতিগত সীমাবদ্ধতা এবং উত্তরণের সম্ভাব্য পথগুলো পর্যায়ক্রমে তুলে ধরা হবে।

সম্মানিত পাঠকদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ—এই আটটি নিবন্ধই ধারাবাহিকভাবে পড়ুন। কারণ প্রতিটি নিবন্ধ বৃহত্তর সংকটের একটি স্বতন্ত্র দিক উন্মোচন করলেও, সব কটি লেখা একসঙ্গে পাঠ করলেই বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা, এর বৈষম্য ও সংকট এবং ভবিষ্যৎ শিক্ষা সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পাওয়া সম্ভব হবে।

এই ধারাবাহিক কেবল ফলাফল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; এটি শিক্ষা নিয়ে নতুন করে ভাবার, প্রচলিত ব্যাখ্যাকে প্রশ্ন করার এবং প্রতিটি শিশুর জন্য ন্যায়সংগত ও মানসম্মত শিক্ষার পথ অনুসন্ধানের একটি সম্মিলিত প্রয়াস। তাই নিবন্ধগুলো পড়ুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আপনার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত আমাদের জানান। আপনাদের সক্রিয় অংশগ্রহণই শিক্ষা সংস্কারের এই জনপরিসরকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তুলবে।

আসুন, এসএসসি ফলাফলকে শুধু সাফল্যব্যর্থতার পরিসংখ্যান হিসেবে না দেখে ভবিষ্যৎ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ আয়না হিসেবে বিবেচনা করি।



আপনার মূল্যবান মতামত দিন: