odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 4th September 2026, ৪th September ২০২৬
অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার পরামর্শ; চিকিৎসার রোগীদের স্বজনদেরও আগে আবাসন নিশ্চিত করতে অনুরোধ

কলকাতায় হোটেল সংকট, বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কতা

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৬ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৬ ২৩:৫৭

ঢাকা প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকটি আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এর ফলে চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের আবাসন সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে কলকাতা ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে বাংলাদেশ উপহাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর দুর্ঘটনার ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ঝুঁকিতে থাকা আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে উপহাইকমিশন জানিয়েছে, নিরাপত্তা বিধিসহ প্রয়োজনীয় নিয়মকানুন মেনে এসব হোটেল পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।

এ অবস্থায় কলকাতায় গিয়ে আবাসনের সমস্যায় পড়া এড়াতে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

উপহাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, শুধু বুকিং করলেই হবে না; সংশ্লিষ্ট হোটেলটি বর্তমানে চালু আছে কি না, কক্ষের প্রাপ্যতা রয়েছে কি না এবং হোটেলটির অবস্থান কোথায়—এসব বিষয়ও আগে থেকে নিশ্চিত হয়ে নিতে হবে।

চিকিৎসার জন্য যাওয়া রোগীদের স্বজনদের বিশেষ সতর্কতা

চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সফরসঙ্গীদের ক্ষেত্রেও বিশেষভাবে সতর্ক করেছে বাংলাদেশ উপহাইকমিশন।

রোগীর সঙ্গে থাকা ব্যক্তিদের কলকাতা যাওয়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পাশাপাশি বুকিংটি বৈধ ও কার্যকর কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

এ ছাড়া হোটেল থেকে সংশ্লিষ্ট হাসপাতালের দূরত্ব, কক্ষের প্রাপ্যতা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও আগেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ উপহাইকমিশনের এই সতর্কতার লক্ষ্য হলো কলকাতায় গিয়ে বিশেষ করে চিকিৎসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিক ও তাঁদের স্বজনদের আবাসনসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়ানো।



আপনার মূল্যবান মতামত দিন: