অধিকার পত্র ডটকম /ময়মনসিংহ, ৮ সেপ্টেম্বর ২০২৬: :ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা তৈরির একটি কারখানা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কারখানায় কর্মরত সাত শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ১২ নম্বর স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তরপাড়া এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব-১৪, ব্যাটালিয়ন আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
প্রশাসন সূত্রে জানা যায়, স্বদেশী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পুরোনো ব্যাটারি পোড়ানোর মাধ্যমে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রমের কারণে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে প্রশাসনের নজরে আসে।
অভিযানের সময় পানি দিয়ে কারখানার চুল্লি নিভিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাত শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সবুজবাগ এলাকার জাবেদ আলীর ছেলে আ. মান্নান (৪৮), কৃষ্ণপুর এলাকার দুলহাজ দেওয়ানের ছেলে আ. রহিম (২৪), পাকুরতলা এলাকার আ. মতিন মণ্ডলের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (২৪), খুবজিপুর এলাকার আসলাম মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (২২), কামালিয়াপাড়া এলাকার মো. আ. রশিদ ব্যাপারির ছেলে মো. আনারুল ইসলাম (৪০), চাকুলী এলাকার মো. ফজলু মণ্ডলের ছেলে মো. মশিউর (২৮) এবং একই এলাকার আনোয়ার মণ্ডলের ছেলে মো. শিপন (২০)।
অভিযানে একটি ট্রাক, ১০০ বস্তা কয়লা, দুটি ব্লু-আর মেশিন, একটি স্কেল ও ১৫০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। জব্দ করা সামগ্রী আলামত হিসেবে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে পরিচালিত কারখানাটির মালিক ও জমির মালিকের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ বলেন, অবৈধ সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: