odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬
চিকদাইর গ্রামে গভীর রাতে পুলিশের অভিযান; স্যালাইনের ব্যাগে লুকিয়ে রাখা মদ উদ্ধার; পরিবারের দাবি ষড়যন্ত্রের শিকার, পুলিশ বলছে হাতেনাতে গ্রেফতার

স্যালাইনের ব্যাগে ১২০ লিটার চোলাই মদসহ রাউজানে বিএনপি নেতার ছেলে গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৩ September ২০২৬ ২০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৩ September ২০২৬ ২০:৫৯

চট্টগ্রাম প্রতিনিধি (অধিকারপত্র):

চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিনব কৌশলে প্লাস্টিকের বস্তায় থাকা স্যালাইনের ব্যাগে এই চোলাই মদ বহন করা হচ্ছিল। আটক সাইদুর রহমান সাদ্দাম স্থানীয় চিকদাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, রাউজান থানার ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টিম রাত্রিকালীন ডিউটিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চিকদাইর গ্রামের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১২০টি স্যালাইনের ব্যাগে ভর্তি মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এদিকে ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন আটক যুবকের বাবা ও বিএনপি নেতা মো. ফরিদ মিয়া। তিনি বলেন, "আমার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত নয়। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার অংশগ্রহণ ঠেকানোর উদ্দেশ্যে প্রতিপক্ষ মাদক কারবারিরা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে।"

তবে পুলিশের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক সাদ্দাম সরাসরি মাদক চালানের সাথে জড়িত। তাকে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং তার পরিবারের দাবি নিছক অজুহাত ছাড়া কিছুই নয়।

এ ঘটনায় এসআই মো. ওমর ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাউজান থানায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মো. হাসান আলী শেখকে।

স্যালাইনের ব্যাগে ১২০ লিটার চোলাই মদসহ রাউজানে বিএনপি নেতার ছেলে গ্রেফতার

): #Raozan #ChittagongNews #CrimeNews #DrugSeizure #OdhikarPatra #CrimeUpdate #BangladeshNews