অধিকার পত্র ডটকম | নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এবারের পূজায় কোনো মণ্ডপকে গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ বা উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি। তবে উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আয়োজিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো এলার্ট বা ঝুঁকির তথ্য নেই। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’
তিনি জানান, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গতবারের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে। এর আগের বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি এবং তার আগের বছরগুলোতে ছিল প্রায় ২৮ হাজার।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সংস্থাকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠুভাবে পূজা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
৫ দিনের ছুটি, বাড়ল সরকারি অনুদান
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন করা হয়েছে। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটি পাঁচ দিনে দাঁড়াবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজার মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিগত বছরগুলোর তুলনায় দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
২৪ ঘণ্টা মনিটরিং, ব্যবহার হবে বিশেষ অ্যাপ
পূজার সময় নজরদারি জোরদার করতে সরকারি সংস্থাগুলো একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করবে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এর আগে নির্বাচনের সময় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এই ধরনের অ্যাপ ব্যবহার করেছিল।
তিনি বলেন, অ্যাপটির মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এ পদ্ধতি ব্যবহারের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
একই সঙ্গে পুলিশ সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পুলিশ পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু থাকবে বলেও জানান তিনি।
বিদ্যুৎ ও বিকল্প আলোর ব্যবস্থার নির্দেশ
পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া মণ্ডপ আয়োজকদের সার্বক্ষণিক জেনারেটর প্রস্তুত রাখার পাশাপাশি জেনারেটর বিকল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে রিচার্জেবল লাইট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, উৎসব চলাকালে কোনো ধরনের হুমকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ পূজামণ্ডপ, নেই কোনো উচ্চঝুঁকি—দুর্গাপূজায় থাকছে ২৪ ঘণ্টা নজরদারি
#দুর্গাপূজা২০২৬ #দুর্গাপূজা #পূজামণ্ডপ #সালাহউদ্দিনআহমদ #নিরাপত্তা #বাংলাদেশ #অধিকারপত্র #Puja2026 #DurgaPuja #অধিকারপত্র #odhikarpatra
