বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ ফিচার │ দেশ চিন্তা
একসময় ভাবতাম নেকড়ে থাকে জঙ্গলে, মানুষ থাকে সমাজে। জীবন নামের দীর্ঘ বিশ্ববিদ্যালয়ে বহু বছর ক্লাস করে, পরীক্ষা দিয়ে, কয়েকবার ফেল করে এবং কিছু বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শেষ হওয়ার পর হাতে পেয়ে এখন বুঝেছি—সব দাঁত বাইরে থেকে দেখা যায় না, সব নেকড়ের লেজও থাকে না। কেউ কেউ হাসে, সালাম দেয়, পাশে বসে, আপনাকে ‘ভাই’ বলে, ‘স্যার’ বলে, প্রয়োজনে এমনভাবে আবেগে ভেসে যায় যেন পৃথিবীতে আপনার পরে তার আর কোনো আশ্রয় নেই।জঙ্গলের নেকড়ে এবং মানুষের সমাজের এই রূপক-নেকড়ের মধ্যে তফাতটি কোথায়—এই প্রশ্ন থেকেই মূলত এই লেখার জন্ম। এখানে ‘নেকড়ে’ কোনো মানুষকে পশু বলে অপমান করার শব্দ নয়; বরং সুবিধাবাদ, দ্বিচারিতা, দুর্বলতার সুযোগ নেওয়া, ক্ষমতার আবহাওয়ায় আনুগত্য বদলানো এবং অন্যের বিপন্ন মুহূর্তকে নিজের সিঁড়ি বানানোর একটি সাহিত্যিক প্রতীক। ফলে এই লেখা যতটা হাসির, ততটাই অস্বস্তির; যতটা অন্যের মুখোশ নিয়ে, তার চেয়ে শেষ পর্যন্ত বেশি নিজের আয়না নিয়ে।
ছবির নেকড়েটা যেদিন কথা বলে উঠল

এক গভীর রাতে পুরোনো ছবির অ্যালবাম দেখতে দেখতে একটি ছবিতে চোখ আটকে গেল। ছবিতে আমি সামনে, পেছনে একটি বিশাল নেকড়ে। অবশ্য জীবন্ত নয়—ভাস্কর্য। নির্বিকার দাঁড়িয়ে আছে; দাঁত আছে, থাবা আছে, চেহারায় বন্যতার সমস্ত আয়োজন আছে, কিন্তু সভ্য সমাজের বহু মানুষের তুলনায় আশ্চর্য রকম শান্ত।
এত বছর ছবিটা দেখে মনে হয়েছে দৃশ্যটি একেবারেই স্বাভাবিক। মানুষ সামনে থাকবে, নেকড়ে পেছনে—পৃথিবীর প্রতিষ্ঠিত ভূগোল তো এমনই। কিন্তু সেদিন ছবিটার দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে থাকতেই মনে হলো নেকড়েটি যেন আমার দিকে চোখ কুঁচকে তাকাল। এরপর যা হলো তা সম্পূর্ণ সাহিত্যিক কল্পনা; বন বিভাগ যেন এ নিয়ে তদন্ত কমিটি না করে।
নেকড়েটা বলল, “স্যার, একটা কথা বলব? আমাদের নামে এত অপবাদ কেন?”
আমি বললাম, “কী অপবাদ?”
সে দীর্ঘশ্বাস ফেলে বলল, “মানুষ নিষ্ঠুর হলে বলেন নেকড়ে। বিশ্বাসঘাতক হলে বলেন নেকড়ে। সুযোগসন্ধানী হলে বলেন নেকড়ে। অথচ আমরা কি কারও সঙ্গে সেলফি তুলে পরদিন তার বিরুদ্ধে সভা করি? কারও সুসময়ে পা ধরে দুঃসময়ে সুবিধামতো স্মৃতিভ্রংশে ভুগি?”
আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কারণ নেকড়ে মূর্তি হলেও যুক্তিটি মোটেই পাথরের ছিল না।—সেই রাতেই আমার পুরোনো নেকড়ে-বিষয়ক গবেষণার ভিত কেঁপে উঠল।
জীবন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কঠিন কোর্স: মানুষ চেনা
আমরা নানা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কেউ ইতিহাস, কেউ দর্শন, কেউ চিকিৎসা, কেউ প্রকৌশল। কেউ এত পড়াশোনা করি যে শেষ পর্যন্ত মানুষ পড়ার সময়ই পাই না। অথচ জীবনে আরেকটি বিশ্ববিদ্যালয় আছে, যার ভর্তি পরীক্ষা নেই, শিক্ষাবর্ষ শেষ হয় না এবং মাঝপথে dropout হওয়ারও সুযোগ নেই। —তার নাম জীবন বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হলো—সিলেবাস আগে পাওয়া যায় না। প্রশ্ন আসে আচমকা। আরও মজার ব্যাপার, অনেক পরীক্ষায় প্রথমে উত্তর লিখে আসতে হয়, পরে বোঝা যায় প্রশ্নটা কী ছিল।
এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যয়বহুল কোর্সটির নাম—মানুষ চেনা।
স্বীকার করছি, এ বিষয়ে আমি দীর্ঘদিন দুর্বল ছাত্র ছিলাম। ছোটবেলায় আদর্শলিপিতে পড়েছিলাম—সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাবা বারবার মনে করিয়ে দিতেন, ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো থাকার অভ্যাস তৈরি হয়; মন্দের সঙ্গে দীর্ঘকাল থাকলে মন্দটাও একসময় স্বাভাবিক বলে মনে হয়। তখন পৃথিবীকে খুব সহজ মনে হতো। ভাবতাম, ভালো আর মন্দের নিশ্চয় আলাদা পোশাক আছে। নেকড়ে হলে তো আরও সহজ—চার পা, পশম, লেজ, দাঁত।
বড় হয়ে বুঝলাম, জীবন পাঠ্যবইয়ের শ্রেণিবিন্যাস খুব একটা মানে না।
দীর্ঘ পর্যবেক্ষণ, বহু ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া এবং কিছু ব্যক্তিগত ‘গবেষণা’র পর আমার অননুমোদিত পিএইচডি-সম সিদ্ধান্তটি খুব সংক্ষিপ্ত—সব নেকড়ের চার পা থাকে না। কিছু নেকড়ে দুই পায়ে হাঁটে। শার্ট-প্যান্ট পরে। টাই বাঁধে। সুগন্ধি ব্যবহার করে। আবার সালামও দেয়। এবং পরিস্থিতি অনুকূলে থাকলে এমনভাবে ‘ভাই’, ‘স্যার’, ‘অভিভাবক’, ‘আমাদের শেষ ভরসা’ বলে যে মনে হবে মানবসভ্যতার শেষ নিরাপদ আশ্রয় বোধহয় আপনিই।
দুই পায়ের প্রজাতিটির পোশাক খুব ভদ্র
জঙ্গলের নেকড়ে চেনা তুলনামূলক সহজ। তার গায়ে স্যুট নেই, হাতে ফুল নেই, মুখে “স্যার, আপনি ছাড়া আমাদের আর কে আছে!”—এমন সংলাপও থাকে না। সে LinkedIn endorsement দেয় না, জন্মদিনে পাঁচশ শব্দের আবেগঘন পোস্ট লেখে না, আপনার পাশে দাঁড়িয়ে এমন ছবি তোলে না যাতে দেখে মনে হয় কৃষ্ণ-অর্জুনের বন্ধুত্বও বুঝি এদের কাছে শিক্ষানবিশ।
মানুষরূপী নেকড়ের প্রযুক্তি অনেক উন্নত। সে প্রথমেই আবহাওয়া পরীক্ষা করে। আপনার চারপাশে সূর্য আছে? ক্ষমতা আছে? পদ আছে? প্রভাব আছে? দরজা খোলা? ফোন করলে লোকজন ধরে? আপনার পরিচয়ের পাশে এখনও সম্ভাবনার আলো জ্বলছে?
ব্যস। তখন সম্পর্কের বসন্ত :
- “ভাই!”
- “স্যার!”
- “আপনি আমার অভিভাবক!”
- “আপনার জন্য জীবনও দিতে পারি!”
‘জীবন দেওয়ার’ এই ঘোষণা অবশ্য সাধারণত চায়ের কাপ শেষ হওয়ার আগেই দেওয়া হয়। বাস্তবে জীবন দিতে হয় না; সর্বোচ্চ একটি ফেসবুক লাইক, ফুলের তোড়া কিংবা সেলফিই যথেষ্ট।
সুসময়ের সামাজিক চুম্বকত্ব
সুসময়ের নিজস্ব পদার্থবিদ্যা আছে। সাফল্য চুম্বকের মতো, পদ আরও শক্তিশালী চুম্বক, আর ক্ষমতা প্রায় শিল্পকারখানার ইলেক্ট্রোম্যাগনেট। আপনার সময় ভালো হলে বহুদিনের হারানো মানুষ আপনাকে হঠাৎ আবিষ্কার করে: “স্যার, মনে আছে? ২০০৭ সালে এক অনুষ্ঠানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল!” —আপনার মনে নেই। কিন্তু তার আছে। কারণ প্রয়োজন মানুষের স্মৃতিশক্তির সবচেয়ে কার্যকর ভিটামিন।
সুসময়ে আপনার সাধারণ কথাও দার্শনিক হয়ে যায়। আপনি বললেন, “আজ গরমটা একটু বেশি।” কেউ মাথা নেড়ে বলবে, “স্যার, আপনার পর্যবেক্ষণটাই আলাদা।” এ যেনো আপনি চায়ে চিনি কম দিলেন—সেটাও জীবনদর্শন। আপনি হাঁচি দিলেন—সেটিও হয়তো নেতৃত্বের নতুন দর্শন। —সমস্যা প্রশংসায় নয়। সমস্যা তখন, যখন প্রশংসাটি মানুষকে নয়, তার চারপাশের শক্তিকে উদ্দেশ্য করে। আর তাই নেকড়ে-পরীক্ষার আসল অংশ সুসময়ে নয়। পরীক্ষা শুরু হয় আলো একটু ম্লান হলে।
তারপর শুরু হয় ‘ন্যাশনাল জিওগ্রাফিক’
আপনার সময় সামান্য খারাপ হোক। তারপর মনে হবে চারপাশে অদৃশ্য একটি বন্যপ্রাণী বিষয়ক ডকুমেন্টারি ক্যামেরা চালু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে গভীর গলা— “এখন আমরা লক্ষ্য করব, সদ্য সংকটে পড়া মানুষটির চারপাশে ঘোরাফেরা করা পরিচিত প্রাণীগুলো কীভাবে ধীরে ধীরে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে।”
একজন ধীরে সরে যায়। আরেকজন এত দ্রুত সরে যায় যে তাকে অলিম্পিকে পাঠালে পদক আসতে পারে। আরেকজন পুরোপুরি যায় না। একটু দূরে দাঁড়িয়ে দেখে—পরিস্থিতি কোন দিকে যায়।
এই শেষ শ্রেণিটি বিশেষ গুরুত্বপূর্ণ। তারা নেকড়ের পালের আবহাওয়াবিদ। বাতাস কোন দিকে, কোন পক্ষ শক্তিশালী, কোথায় দাঁড়ালে ভবিষ্যৎ নিরাপদ—এগুলো বোঝার আশ্চর্য ক্ষমতা আছে। আর তাদের নৈতিক কম্পাস নেই বললে অবশ্য অন্যায় হবে। তবে কম্পাস কিন্তু আছে। শুধু তার উত্তর দিকটি ক্ষমতার দিকে ঘোরে।
গতকাল যে আপনার সঙ্গে ছবি তুলে লিখেছিল, “আমার প্রিয় মানুষ”, আজ সে হয়তো সেই ছবির সামাজিক বাজারদর হিসাব করছে। ছবি থেকে মানুষ মুছতে সফটওয়্যার লাগে। স্মৃতি থেকে মানুষ মুছতে লাগে শুধু সুবিধার নতুন ঠিকানা।
Listen PODCAST Carefully: মানুষের মুখোশে নেকড়ে! চিনতে শেখো, নিজে হয়ো না | নেকড়ে-তত্ত্ব | Bangla
মুখোশের বাজারে ‘বিশ্বস্ততা’ সবচেয়ে দামি প্রসাধনী
মানুষের সমাজে মুখোশের বাজার বিশাল। এখানে সততার চেয়ে সততার অভিনয় কোনো কোনো সময় বেশি চকচকে। কেউ নিজেকে এমনভাবে উপস্থাপন করে, যেন বিশ্বস্ততা তার পারিবারিক ব্যবসা। কিন্তু বিশ্বস্ততার প্রকৃত পরীক্ষা উৎসবে হয় না; দুর্যোগে হয়। যেমন বিয়েবাড়িতে কে পাশে বসেছে, সেটি সম্পর্কের শেষ সত্য নয়। হাসপাতালের করিডোরে কে দাঁড়িয়ে আছে, সেটি অনেক বেশি নির্ভরযোগ্য তথ্য। সাফল্যের অনুষ্ঠানে ফুল নিয়ে আসা সহজ; ব্যর্থতার ঘরে নীরবে বসে থাকা কঠিন।
সমাজে তাই সম্পর্কের একটি অদ্ভুত হিসাববিজ্ঞান আছে। আমরা অনেক সময় মানুষটিকে ভালোবাসি না, তার চারপাশের আলোকে ভালোবাসি। চেয়ারটিকে ভালোবাসি, চেয়ারধারীকে নয়। দরজাটাকে ভালোবাসি, ঘরের মানুষকে নয়। ফোন নম্বরটিকে ভালোবাসি, কণ্ঠকে নয়। বিদ্যুৎ চলে গেলে বোঝা যায়—কে আসলে ঘরে ছিল।
সব অনুপস্থিত মানুষ নেকড়ে নয়
এখানে ব্যঙ্গকে একটু থামাতে হয়। নইলে নেকড়ে ধরতে গিয়ে আমরাই অন্যায় বিচার শুরু করে দেব। দুঃসময়ে যে পাশে নেই, সে-ই শত্রু—এমন সমীকরণ ঠিক নয়। মানুষের ভয় আছে, পরিবার আছে, চাকরি আছে, সীমাবদ্ধতা আছে, নিজের সংকট আছে। কেউ সাহায্য করতে চেয়েও পারেনি। কেউ বিভ্রান্ত হয়েছে। কেউ সাহসের অভাবে দূরে থেকেছে। — তাই নেকড়ে-তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ নৈতিক ফুটনোট—অনুপস্থিতি আর আক্রমণ এক নয়।
কেউ আপনার পাশে দাঁড়াতে পারেনি—এটি দুর্বলতা হতে পারে।কিন্তু কেউ আপনার দুর্বলতাকে নিজের সিঁড়ি বানিয়েছে—এটি চরিত্রের প্রশ্ন। মানুষকে বিচার করতে হলে দেখতে হবে আপনার দুর্বল সময়ে সে আপনার দুর্বলতার সঙ্গে কী আচরণ করেছে। কেউ দূরে ছিল। কেউ নীরব ছিল। আবার কেউ ক্ষত মেপে দেখছিল—কোথায় চাপ দিলে আরও ব্যথা হবে। —এই তিনজনকে একই খাতায় লিখলে নেকড়ে-তত্ত্ব নয়, আমাদের বিচারবোধই নেকড়ে হয়ে যাবে।
দুঃসময়: সামাজিক এক্স-রে
আমরা বলি, দুঃসময় মানুষকে বদলে দেয়। আমার সন্দেহ, দুঃসময় অনেক ক্ষেত্রেই মানুষকে বদলায় না; শুধু দেখিয়ে দেয়। কাচে ফাটল আগে থেকেই ছিল, আলোয় ধরা পড়েনি। চাপ পড়তেই দৃশ্যমান হয়েছে।
নৌকার তলায় গর্ত ঘাটে বোঝা যায় না; মাঝনদীতে বোঝা যায়। ঠিক তেমনি সম্পর্কের নিচে কতটা কাঠ, কতটা রং আর কতটা কাগজ—সংকটের পানিতে নামলেই বোঝা যায়।
সুসময় খুব উদার শিক্ষক। সবাইকে পাস করিয়ে দেয়। দুঃসময় কঠোর পরীক্ষক। সে বলে, “ব্যাগ বাইরে রাখুন। নকল চলবে না।” তারপর উত্তরপত্র খুলে যায়। যাকে বন্ধু ভাবতেন, দেখা গেল পরিচিত। যাকে পরিচিত ভাবতেন, দেখা গেল সেই-ই বন্ধু। কেউ ব্যর্থ করল, কেউ অবাক করল, কেউ নীরবে পাশে দাঁড়িয়ে মানুষ সম্পর্কে আপনার পুরোনো তত্ত্বটিই বদলে দিল। —এই কারণেই দুঃসময় শুধু বিচ্ছেদের গল্প নয়। এটি আবিষ্কারের গল্পও।
চেয়ার চলে গেলে কে বসে থাকে?
আমাদের সমাজে ব্যক্তি ও পদের সম্পর্ক খুব জটিল। যেদিন চেয়ার সরে যায়, আলো নিভে যায়, দরজা সাময়িক বন্ধ হয়—সেদিন সম্পর্কের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা যায়: কারেন্ট কি মানুষের সঙ্গে ছিল? নাকি লাইনের সঙ্গে?
এই প্রশ্ন ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানেও একই ঘটনা ঘটে। যেখানে নিয়মের চেয়ে ব্যক্তি বড় হয়ে যায়, সেখানে আনুগত্য নৈতিকতার বিকল্প হতে শুরু করে। মানুষ সত্যের পাশে দাঁড়ানোর আগে বাতাসের গতিবেগ মাপে। — বন্ধুত্বও তখন বাজারে পরিণত হয়। মূল্য ওঠে।মূল্য নামে। শুধু অল্প কিছু সম্পর্ক থেকে যায়, যাদের বাজারদর নেই। কারণ তারা বিক্রির জন্য তৈরি হয়নি।
যখন চারদিকে বিষাক্ত নিঃশ্বাস, মানুষ থাকাই বিদ্রোহ
কবি কাজী নজরুল ইসলাম এক ভয়ংকর সময়কে বিষাক্ত নিঃশ্বাসে ঘেরা অন্ধকারের রূপকে দেখেছিলেন। আজ সেই রূপক মনে পড়লে আমার কল্পনার জঙ্গলে নাগিনীর জায়গায় দুপেয়ে নেকড়ের দল এসে দাঁড়ায়। —সমস্যা হলো, আধুনিক নেকড়ে সবসময় হিংস্রতার পোশাক পরে আসে না। কেউ নীতির কথা বলে, কেউ ন্যায়বিচারের কথা বলে, কেউ ধর্মের কথা বলে। কারও হাতে থাকতে পারে তসবিহ, কারও হাতে মানবাধিকারের পতাকা। পোশাকে কোনো সমস্যা নেই; সমস্যা তখন, যখন পবিত্র শব্দগুলোই অন্য মানুষকে আঘাত করার ঢাল হয়ে ওঠে।
তখন যুদ্ধটি নেকড়ে বনাম মানুষের চেয়ে বড় হয়ে যায়। —এটি হিংস্রতা বনাম মনুষ্যত্বের যুদ্ধ, মিথ্যা বনাম সত্যের যুদ্ধ, প্রতিহিংসা বনাম বিবেকের যুদ্ধ। আসলে ধর্মের লেবাস নেকড়ের দাঁতকে পবিত্র করে না। মিথ্যার গায়ে ধর্মীয় শব্দ লিখলেও মিথ্যা সত্য হয়ে যায় না। মানুষকে অপমান করা, দুর্বলকে আঘাত করা কিংবা প্রতিহিংসাকে ধর্মীয় কর্তব্য বানিয়ে ফেলা—এসব স্রষ্টার দয়া, ন্যায় ও মানবমর্যাদার আদর্শের সঙ্গে সংঘর্ষেই থাকে।
তাই আমার প্রার্থনা ধ্বংসের নয়।
হে আল্লাহ, যারা তোমার নাম নেয়, তাদের কথা ও কাজে সামঞ্জস্য দাও। যারা পবিত্রতার পোশাকে অন্যের ওপর থাবা তোলে, তাদের অন্তরে মানুষটিকে জাগিয়ে দাও। আর যারা নিজেদের মুখ ভুলে গেছে, সত্যের আলোয় তাদের মুখোশ খুলে দাও। কারণ স্রষ্টার পরাজয় হয় না। পরাজিত হই আমরা—যখন তাঁর দেওয়া বিবেকের আমানত হারাই।
ফেরেশতা যদি মানুষের বেশে আসেন
আমি কখনো কখনো একটি কল্পকাহিনি ভাবি। ধরা যাক, একদিন একজন ফেরেশতা নেমে এলেন। ডানা নেই, আলোর মুকুট নেই। সাধারণ মানুষের পোশাক পরে সাধারণ মানুষের মতো হাঁটছেন। তাঁর পদ নেই, ক্ষমতা নেই, পরিচিতি নেই। তাঁর সঙ্গে ছবি তুললে সামাজিক মর্যাদা বাড়ে না। —তাই কেউ সালাম দিতে ছুটে এলো না। কেউ বলল না, “স্যার, আপনার জন্য জীবন দিয়ে দেব।”
ফেরেশতা চুপচাপ মানুষের ভিড়ে হাঁটলেন। তিনি যেন দেখতে এসেছেন—কারা শুধু শক্তিশালীর সামনে ভদ্র, আর কাকে দুর্বল মনে হলেই থাবা বাড়ায়।
একসময় একটি দুপেয়ে নেকড়ে তাঁকে সাধারণ অসহায় মানুষ ভেবে কাছে এলো। পুরোনো অভ্যাসে থাবা তুলল। সে জানত না, তার সামনে শিকার নয়—একটি আয়না। তার থাবা নামার আগে আকাশ থেকে আগুন এলো না। বজ্রপাতও হলো না। শুধু আলো জ্বলে উঠল। আর সেই আলোয় মুখোশ খুলে গেল। নীতির ভাষার নিচে স্বার্থ, ধর্মীয় বাক্যের নিচে বিদ্বেষ, বিশ্বস্ততার ঘোষণার নিচে সুবিধার হিসাব দৃশ্যমান হয়ে উঠল। কল্পনার ফেরেশতা তখন বললেন—“সব নেকড়েকে আগুনে পোড়াতে হয় না; কোনো কোনো মুখোশের জন্য আলোই যথেষ্ট।” — আমি এই গল্পটিই বিশ্বাস করতে চাই। কারণ অন্যায়ের প্রতিকার আরেক অন্যায় হলে জঙ্গল শুধু বড় হয়। সভ্যতার কাজ আগুন বাড়ানো নয়—আলো বাড়ানো।
আমি যেন নেকড়ে না হয়ে যাই
এতক্ষণ অন্যের নেকড়ত্ব নিয়ে বললাম। কিন্তু একসময় আরও ভয়ংকর একটি প্রশ্ন এসে দাঁড়াল—নেকড়েদের মধ্যে থাকতে থাকতে আমিও কি নেকড়ে হয়ে যাচ্ছি?
ছোটবেলার সেই নীতিবাক্য তখন নতুন অর্থ পায়। যদি দীর্ঘদিন বিশ্বাসঘাতকতা দেখি, বিশ্বাসঘাতকতাকে বাস্তববাদ মনে হতে পারে। প্রতিহিংসা দেখতে দেখতে প্রতিহিংসাকেই ন্যায় মনে হতে পারে। কেউ আমার ক্ষতে আঘাত করেছে বলে আমিও যদি তার ক্ষত খুঁজি, কেউ দাঁত বের করেছে বলে আমিও দাঁত ধার দিই—তাহলে জয়টা কার হলো? —আমার? নাকি সেই নেকড়ের, যে আমাকে নিজের মতো বানিয়ে ফেলতে পেরেছে?
মানুষের সম্ভবত সবচেয়ে বিপজ্জনক পরাজয় তখন ঘটে, যখন সে অত্যাচারীর বিরুদ্ধে লড়তে লড়তে অত্যাচারীর ভাষা শিখে ফেলে। তাই এখন আমার প্রার্থনা একটু আলাদা—আল্লাহ, আমাকে শুধু নেকড়েদের হাত থেকে রক্ষা করো না; আমাকে নেকড়ে হয়ে যাওয়া থেকেও রক্ষা করো।
আমার বিবেক আহত হলে সে প্রতিবাদ করুক, কিন্তু হিংস্র না হোক। আত্মমর্যাদা পদদলিত হলে উঠে দাঁড়াক, কিন্তু অন্যের মর্যাদা পদদলিত করে নয়। আমি ন্যায় চাইব, কিন্তু প্রতিহিংসাকে ন্যায়ের পোশাক পরিয়ে নয়। তবে আমার সবচেয়ে বড় ভয় নেকড়ে আমাকে কামড়াবে—এটি নয়। আমার ভয়, কোনো একদিন আয়নায় তাকিয়ে দেখি—দাঁতগুলো আর শুধু ছবির পেছনের নেকড়েটির নেই; কিছু দাঁত আমার মুখেও গজিয়েছে।
জরুরি সতর্কবার্তা: নেকড়ে-তত্ত্ব সন্দেহের মহামারি নয়
এই নিবন্ধটি পড়ে আশপাশের সবাইকে নেকড়ে ঘোষণা করা যাবে না। একটি ভুল, একটি মতভেদ, একটি ব্যর্থতা কাউকে নেকড়ে বানায় না।িএর প্রকৃত লক্ষ্য হলো pattern চেনা।
- একবারের নীরবতা নয়—নিয়মিত সুবিধাবাদ।
- একবারের দূরত্ব নয়—দুর্বলতার সচেতন ব্যবহার।
- একবারের ভুল নয়—বারবার একই লাভজনক অন্যায়।
চোখ খোলা রাখুন। কিন্তু হৃদয় বন্ধ করবেন না। নেকড়ে চিনতে গিয়ে যদি ভালো মানুষকেও ভালোবাসতে ভুলে যাই, তাহলে নেকড়েরা কামড় না দিয়েই জিতে যাবে।
শেষ পর্যন্ত জঙ্গলটা কোথায়?
এতক্ষণ নেকড়ে চেনার যন্ত্র বানালাম, আত্মরক্ষার নিয়ম লিখলাম, থাবা লাগলে কী করতে হবে তার চিকিৎসাপত্র তৈরি করলাম, এমনকি নেকড়ে-শিকারের জন্য সত্য, নথি, নিয়ম আর জবাবদিহির ফাঁদও পাতলাম। কিন্তু এত আয়োজনের পর হঠাৎ একদিন মনে হলো—আমরা কি একটু বেশি সময় অন্যের দাঁত গুনতে গুনতে নিজের মুখটাই ভুলে যাচ্ছি না? জঙ্গল কি সত্যিই শুধু আমাদের চারপাশে? নাকি তার কিছুটা আমাদের ভেতরেও আছে? এই প্রশ্নটাই সম্ভবত নেকড়ে-তত্ত্বের সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, কারণ বাইরের নেকড়েকে আঙুল দিয়ে দেখানো সহজ, নিজের ভেতরের নেকড়ের চোখে চোখ রাখা কঠিন।
জীবন আমাকে অন্তত এটুকু শিখিয়েছে যে, মানুষকে চেনার কোনো শতভাগ নির্ভুল স্ক্যানার নেই। যে মানুষ আজ দুর্বলতার মুহূর্তে ব্যর্থ হলো, সে কাল হয়তো সাহসী হতে পারে; যে আজ পাশে দাঁড়াল, সে চিরকাল দাঁড়াবে—তারও নিশ্চয়তা নেই। মানুষ স্থির মূর্তি নয়, মানুষ পরিবর্তনশীল। তাই নেকড়ে-তত্ত্বকে কোনো মানুষের স্থায়ী পরিচয়পত্র বানানো বিপজ্জনক। এটি বরং আচরণের পুনরাবৃত্তি বোঝার একটি আয়না—কে বারবার সুবিধা দেখে কাছে আসে, কে দুর্বলতা দেখে থাবা বাড়ায়, কে ক্ষমতার সঙ্গে নীতি বদলায়, আর কে নিজের লাভের বিরুদ্ধে গিয়েও ন্যায্যতার পাশে দাঁড়াতে পারে।
অর্থাৎ, এই তত্ত্বের লক্ষ্য মানুষকে সন্দেহ করা নয়; সন্দেহ ও বিশ্বাসের মাঝখানে প্রজ্ঞার একটি দরজা তৈরি করা। সেই দরজায় তালা থাকবে, কিন্তু জানালাও থাকবে। কারণ পৃথিবীতে শুধু নেকড়ে নেই। মানুষও আছে। অনেক মানুষ নিঃশব্দে ভালো থাকে, কোনো পোস্ট দেয় না, কোনো ঘোষণা করে না, শুধু প্রয়োজনের সময় পাশে এসে দাঁড়ায়। নেকড়ে চিনতে গিয়ে যদি তাদেরও দূরে ঠেলে দিই, তাহলে নেকড়েরা কামড় না দিয়েও জিতে যাবে—তারা আমাদের বিশ্বাস করার ক্ষমতাটুকু খেয়ে ফেলবে।
নেকড়ে-তত্ত্বের সবচেয়ে বড় ব্যবহারিক শিক্ষা
মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ পথ সম্ভবত দুই প্রান্তের মাঝখানে। একদিকে সরল বিশ্বাস—যেখানে সবাইকে নিজের ঘরের চাবি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে চরম সন্দেহ—যেখানে সবাইকে সম্ভাব্য শিকারি মনে হয়। দুটোই বিপজ্জনক। প্রথমটি আপনাকে সহজ শিকার বানাতে পারে; দ্বিতীয়টি আপনাকে এমন এক দুর্গে বন্দী করে দিতে পারে, যেখানে নেকড়ে ঢুকবে না ঠিকই, কিন্তু বন্ধুও ঢুকতে পারবে না।
তাই নেকড়ে-তত্ত্বের আলোকে বেঁচে থাকার শিল্প হলো—মানুষকে সম্মান করুন, কিন্তু আচরণ লক্ষ্য করুন; ভালোবাসুন, কিন্তু সীমারেখা রাখুন; ক্ষমা করতে শিখুন, কিন্তু ইতিহাস মুছবেন না; ন্যায় চাইবেন, কিন্তু প্রতিশোধকে ন্যায়ের পোশাক পরাবেন না। কেউ আপনার ক্ষতকে অস্ত্র বানালে তার নাগাল কমিয়ে দিন; কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা বললে সত্যকে নথিতে দাঁড় করান; কেউ ক্ষমতার আড়ালে দাঁত লুকালে নিয়মের আলো জ্বালান। কিন্তু প্রতিটি যুদ্ধের শেষে একবার আয়নার সামনে দাঁড়ান—এই লড়াইয়ে আমি নিজে কতটা মানুষ রইলাম?
কারণ মানুষকে হারানো সহজ। মামলা দিয়ে হারানো যায়, পদ দিয়ে হারানো যায়, প্রচার দিয়ে হারানো যায়, সংখ্যার জোরেও হারানো যায়। কিন্তু নিজের বিবেক হারিয়ে কাউকে হারালে সেই বিজয়ের দাম খুব বেশি। তখন হয়তো প্রতিপক্ষ পরাজিত হয়েছে, কিন্তু আপনার ভেতরের মানুষটিও কিছুটা হেরে গেছে। নেকড়ে-তত্ত্ব তাই শেষ পর্যন্ত যুদ্ধকৌশলের বই নয়; এটি মানুষ হয়ে বেঁচে থাকার নৈতিক অনুশীলন।
নেকড়ের সবচেয়ে বড় পরাজয়
দুপেয়ে নেকড়ের সবচেয়ে বড় শক্তি তার দাঁত নয়, আমাদের ভয়। সে চায় আপনি তার কথা ভেবে ঘুম হারান, তার আঘাত নিয়ে সারাক্ষণ কথা বলেন, তার মতো হয়ে প্রতিশোধের ভাষা শিখে ফেলেন। সে যদি আপনার চিন্তার কেন্দ্র দখল করতে পারে, তাহলে কোনো নতুন আক্রমণ ছাড়াই সে আপনাকে বন্দী করে ফেলেছে।
তাই হয়তো নেকড়ের সবচেয়ে বড় পরাজয় তাকে ধ্বংস করা নয়। তার সবচেয়ে বড় পরাজয় তখন, যখন সে আপনাকে আহত করেও আপনার মানবিকতা বদলাতে পারে না। সে আপনাকে অপমান করেছে, আপনি ন্যায় চেয়েছেন; সে মিথ্যা বলেছে, আপনি প্রমাণ দিয়েছেন; সে আপনাকে একা করতে চেয়েছে, আপনি নিজের ভিত আরও শক্ত করেছেন; সে আপনার ভেতরে ঘৃণা জন্মাতে চেয়েছে, কিন্তু আপনি ঘৃণাকে স্থায়ী ঠিকানা দেননি।
এই জায়গাতেই নেকড়ে আর মানুষের পার্থক্য স্পষ্ট হয়। নেকড়ে ক্ষত দেখে মাংসের গন্ধ পায়। মানুষ ক্ষত দেখে ব্যথা বোঝে। নেকড়ে দুর্বলতাকে সুযোগ ভাবে। মানুষ দুর্বলতাকে দায়িত্বও ভাবতে পারে। যে দিন আমরা এই পার্থক্যটুকু ধরে রাখতে পারব, সেদিন নেকড়ে আমাদের কামড়াতে পারবে—কিন্তু আমাদের সংজ্ঞা লিখতে পারবে না।
আবার সেই পুরোনো ছবিতে ফিরে যাই
এত কথা বলার পর আবার সেই প্রথম ছবিটির কাছে ফিরে আসি। আমি সামনে দাঁড়িয়ে, পেছনে নেকড়ের মূর্তি। একসময় ছবিটা দেখে মনে হয়েছিল, পেছনে বিপদ দাঁড়িয়ে আছে। এখন মনে হয়, ছবিটির সবচেয়ে সৎ চরিত্র সম্ভবত সেই নেকড়েটিই। তার দাঁত দেখা যায়, তার পরিচয় গোপন নয়, সে আপনাকে ভাই ডেকে পরে অবস্থান বদলায় না। এত বছর পরও সে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে।
আমি কল্পনায় তাকে আবার বলি, “নেকড়ে সাহেব, আপনাদের নামে আমরা বোধহয় একটু বেশি বদনাম করেছি।” —সে যেন উত্তর দেয়, “সমস্যা নেই, স্যার। আমাদের অন্তত মুখোশ নেই।” আর আমি হেসে ফেলি। কিন্তু হাসিটা এবার আগের মতো হালকা নয়। কারণ এখন বুঝি, ছবির পেছনের নেকড়ে আমাকে কখনো সবচেয়ে বেশি ভয় দেখায়নি। সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে সেই মুহূর্ত, যখন মনে হয়েছে মানুষের মুখের ভেতরও নেকড়ে থাকতে পারে। আর তার চেয়েও ভয়ংকর সেই মুহূর্ত, যখন নিজের রাগের ভেতরেও নেকড়ের ছায়া দেখতে পেয়েছি।
শেষ প্রার্থনা
তাই আমার শেষ প্রার্থনা কোনো নেকড়ের ধ্বংসের জন্য নয়। হে আল্লাহ, অন্যায়ের হাত থেকে মানুষকে রক্ষা করো; যারা অন্যের দুর্বলতাকে শিকার মনে করে, তাদের বিবেকে আলো দাও; যারা ধর্ম, ন্যায়, বন্ধুত্ব কিংবা আনুগত্যের ভাষাকে নিজের স্বার্থের আড়াল বানায়, তাদের মুখোশ সত্যের সামনে খুলে দাও। আর যারা আঘাত পেয়েছে, তাদের এমন শক্তি দাও যেন তারা প্রতিকার চায়, কিন্তু প্রতিহিংসায় নিজেদের হারিয়ে না ফেলে।
আমাকেও রক্ষা করো—শুধু দুপেয়ে নেকড়ের থাবা থেকে নয়, আমার নিজের ভেতরে জন্ম নিতে চাওয়া নেকড়েটির হাত থেকেও। আমাকে এমন সাহস দাও যাতে অন্যায়ের সামনে নীরব না হই, আবার এমন সংযমও দাও যাতে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অন্যায়কে ধার না করি। আমার ক্ষত থাকুক, কিন্তু বিষ না হোক; স্মৃতি থাকুক, কিন্তু ঘৃণা তার মালিক না হোক; বিচার চাই, কিন্তু কারও ধ্বংস দেখে আনন্দ যেন আমার ন্যায়বোধের জায়গা দখল না করে।
আমাকেও রক্ষা করো—দুপেয়ে নেকড়ের থাবা থেকে যেমন, তেমনি আমার নিজের ভেতরে জন্ম নিতে চাওয়া নেকড়েটির হাত থেকেও। আমার ক্ষত থাকুক, কিন্তু বিষ না হোক। স্মৃতি থাকুক, কিন্তু ঘৃণা যেন তার মালিক না হয়। বিচার চাই, কিন্তু কারও ধ্বংস দেখে আনন্দ যেন ন্যায়বোধের জায়গা দখল না করে। কারণ এই পৃথিবীকে বাসযোগ্য করেছে মানুষের দাঁত নয়— মানুষের বিবেক।
চূড়ান্ত প্রতিফলন: নেকড়ে চিনে শেষে মানুষটিকেই খুঁজে পাওয়া
নেকড়ে-তত্ত্বের দীর্ঘ যাত্রা শেষে আমার সবচেয়ে বড় আবিষ্কার আর শুধু এই নয় যে সব নেকড়ের চার পা থাকে না।
বড় আবিষ্কারটি আরও অস্বস্তিকর—সব মানুষের ভেতরেই হয়তো কোনো না কোনো সময় দাঁত গজানোর সম্ভাবনা থাকে; মানুষ হওয়ার সাধনা হলো সেই দাঁতকে বিবেকের ভেতরে আটকে রাখা।
নেকড়ে চিনতে হবে। নেকড়ে থেকে দূরত্ব রাখতে হবে। প্রয়োজনে তার মিথ্যা, দ্বিচারিতা ও অন্যায় করার ক্ষমতাকে আইন, সত্য, নথি ও জবাবদিহির আলোয় থামাতে হবে। কিন্তু প্রতিটি লড়াইয়ের শেষে একটি প্রশ্ন রেখে দিতে হবে—আমি কি এখনও মানুষ আছি?
যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে নেকড়ের থাবা আপনাকে আহত করেছে—পরাজিত করতে পারেনি। আর যদি চারপাশ সত্যিই কোনোদিন জঙ্গলে পরিণত হয়, তবুও মানুষের সবচেয়ে বড় বিজয় একটাই—নিজের দাঁত না বাড়িয়ে, নিজের বিবেকটাকে বাঁচিয়ে, মানুষ হয়ে বাড়ি ফেরা।
বি.দ্র.:
নেকড়ে-তত্ত্ব একটি সাহিত্যিক, রম্য-ব্যঙ্গাত্মক ও সামাজিক conceptual model; এটি কোনো clinical diagnosis, প্রাণিবৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস, মনোরোগ নির্ণয় বা ফরেনসিক test নয়। প্রকৃত নেকড়েরা আপত্তি জানালে লেখক আলোচনায় বসতে প্রস্তুত—কারণ বর্তমান পর্যবেক্ষণে তাদের অন্তত একটি বড় গুণ আছে: তারা মুখোশ পরে না।
লেখকের কথা: কেন আমি এই নিবন্ধটি শিক্ষক দিবস উপলক্ষ্যে লিখলাম
বিশ্ব শিক্ষক দিবসের উপলক্ষ্যে “নেকড়ে-তত্ত্ব: সহজ পাঠ” লিখে প্রকাশ করার সিদ্ধান্তটি কাকতালীয় নয়। বরং আমার কাছে এটাই ছিল লেখাটির সবচেয়ে স্বাভাবিক সময়। কারণ শিক্ষক দিবস শুধু শিক্ষককে ফুল দেওয়ার দিন নয়; এটি শিক্ষকতার নৈতিক দায়, শিক্ষার্থীর অধিকার, জ্ঞানচর্চার স্বাধীনতা, ভিন্নমতের মর্যাদা এবং মানুষ গড়ার দায়িত্ব নতুন করে স্মরণ করার দিন। শিক্ষক যদি শুধু পাঠ্যসূচি শেষ করেন, নম্বর দেন, পরীক্ষা নেন—তাহলে তিনি পাঠদাতা হতে পারেন; কিন্তু শিক্ষকতার গভীরতর অর্থ তখনই তৈরি হয়, যখন তিনি শিক্ষার্থীকে শেখান কীভাবে প্রশ্ন করতে হয়, অন্যায় চিনতে হয়, ভয়কে অতিক্রম করতে হয় এবং সবচেয়ে কঠিন সময়ে নিজের বিবেককে অক্ষত রাখতে হয়।
কিছুদিন ধরে আমাকে একটি বিষয় গভীরভাবে ব্যথিত করেছে—আমি এমন শিক্ষার্থীদের কথা শুনেছি ও দেখেছি, যারা শুধু ভিন্ন মত, ভিন্ন অবস্থান, অপ্রিয় প্রশ্ন কিংবা সামাজিক-রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষা, অংশগ্রহণ, মর্যাদা বা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। একজন শিক্ষক হিসেবে এ দৃশ্য আমার কাছে কেবল প্রশাসনিক বা রাজনৈতিক প্রশ্ন নয়; এটি শিক্ষার মৌলিক দর্শনের প্রশ্ন। কারণ শিক্ষা যদি কেবল অনুগত মানুষ তৈরি করে, প্রশ্নকারী মানুষ নয়, তাহলে বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে জ্ঞানের ক্ষেত্র থেকে আনুগত্যের প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।
সেই জায়গাতেই আমার মাথায় নেকড়ের রূপকটি বারবার ফিরে এসেছে। জঙ্গলের নেকড়ে অন্তত নিজের পরিচয় গোপন করে না; তার দাঁত দেখা যায়, তার থাবা বোঝা যায়। কিন্তু সমাজের কিছু মানুষ এমনভাবে মুখোশ পরে চলতে পারে যে তাদের ভেতরের সুবিধাবাদ, দ্বিচারিতা বা হিংস্রতা প্রথমে ধরা পড়ে না। কেউ নীতির কথা বলে, কিন্তু দুর্বল মানুষের ওপর অন্যায় হলে চুপ থাকে; কেউ মানবাধিকারের কথা বলে, কিন্তু ভিন্নমতের মানুষের অধিকারকে অধিকার বলে মানতে চায় না; কেউ শিক্ষার কথা বলে, কিন্তু শিক্ষার্থীকে তার মতের কারণে দূরে সরিয়ে দিতে দ্বিধা করে না। এখানেই আমার রূপক-তত্ত্বের জন্ম—সমাজের সব নেকড়ের চার পা নেই; কিছু নেকড়ে দু পায়ে হাঁটে এবং মুখোশ পরে।
কিন্তু এই নিবন্ধের আসল উদ্দেশ্য কারও দিকে আঙুল তুলে “নেকড়ে” বলা নয়। বরং আমি চেয়েছি একটি আয়না তৈরি করতে। সেই আয়নায় আমরা অন্যদেরও দেখব, নিজেদেরও দেখব। observation schedule, scoring scale, equation—এসবই তাই ব্যঙ্গাত্মক ভাষায় একটি গুরুতর প্রশ্নের দিকে নিয়ে যায়: আমার আচরণ কি মানবিক, না সুবিধানির্ভর? আমি কি অন্যের দুর্বলতাকে সম্মান করি, না ব্যবহার করি? আমি কি ক্ষমতার কাছে নীতি বদলাই? আমি কি সামনে এক, পেছনে আরেক?
শিক্ষক দিবসে এই প্রশ্নগুলো তোলা আমার কাছে জরুরি মনে হয়েছে, কারণ শিক্ষার্থীদের আমি শুধু “নেকড়ে চিনতে” শেখাতে চাই না; তার চেয়েও বড় শিক্ষা দিতে চাই—নেকড়ের মুখোমুখি হয়েও নিজে নেকড়ে না হওয়া। কেউ তোমার সঙ্গে অন্যায় করেছে বলে তুমি অন্যায় করবে না। কেউ তোমাকে অপমান করেছে বলে তুমি অপমানকে ন্যায়বিচারের বিকল্প করবে না। কেউ তোমার দুর্বল জায়গায় আঘাত করেছে বলে তুমি প্রতিপক্ষের ক্ষত খুঁজে বেড়াবে না। কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আমরা অন্যায়ের ভাষা, পদ্ধতি ও হিংস্রতা ধার করে নিই, তাহলে শেষ পর্যন্ত নেকড়েরই জয় হয়—সে আমাদের শরীরের ক্ষতি করার আগে চরিত্রটাই বদলে দিতে সক্ষম হয়।
এই কারণেই “নেকড়ে-তত্ত্ব” আমার কাছে কোনো প্রতিশোধের তত্ত্ব নয়; এটি নৈতিক আত্মরক্ষার তত্ত্ব। এটি বলে, চোখ খোলা রাখো—কিন্তু হৃদয় বন্ধ কোরো না। মানুষ চিনো—কিন্তু সবাইকে সন্দেহ করতে শেখো না। প্রমাণ রাখো—কিন্তু গুজব ছড়িও না। সীমারেখা টানো—কিন্তু ঘৃণাকে স্থায়ী ঠিকানা দিও না। অন্যায় হলে প্রতিবাদ করো—কিন্তু অন্যায়ের মতো হয়ে নয়। এই পার্থক্যটুকুই মানুষ ও নেকড়ের মাঝের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমানা।
একজন শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় উদ্বেগ কোনো শিক্ষার্থী আমার সঙ্গে একমত হলো কি না—তা নয়। আমি বরং চাই, আমার শিক্ষার্থী আমার সঙ্গে দ্বিমত করুক, প্রশ্ন করুক, তত্ত্বের ভুল ধরুক, সমীকরণ নিয়ে হাসুক, scoring scale নিয়ে বিতর্ক করুক। কিন্তু সে যেন যুক্তি, মর্যাদা ও মানবিকতার ভাষা না হারায়। কারণ শিক্ষকতার সাফল্য আনুগত্যে নয়; স্বাধীন চিন্তাশীল মানুষ তৈরিতে।
তাই শিক্ষক দিবস উপলক্ষ্যে এই লেখা। কারণ এই দিনটিতে শিক্ষার্থীদের হাতে আমি আরেকটি “পাঠ” তুলে দিতে চাই—পাঠ্যবইয়ের বাইরে জীবনের পাঠ। সেখানে কোনো পরীক্ষার খাতা নেই, কিন্তু পরীক্ষা আছে প্রতিদিন। প্রশ্নপত্রও খুব কঠিন: ক্ষমতা পেলে তুমি কী করবে? দুর্বল মানুষ দেখলে কী করবে? কেউ তোমার বিরোধিতা করলে তার অধিকারকে সম্মান করবে কি না? আর কেউ তোমাকে আঘাত করলে—তুমি মানুষ থাকবে, না দাঁত গজাবে?
তিন পর্বের এই “নেকড়ে-তত্ত্ব: সহজ পাঠ” —তাই আমার শিক্ষার্থীদের জন্য শুধু একটি ব্যঙ্গাত্মক নিবন্ধ নয়; এটি শিক্ষক দিবসের একটি নৈতিক উপহার, একটি সতর্কবার্তা এবং একটি প্রার্থনা।
তোমরা নেকড়ে চিনতে শেখো—কিন্তু মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নয়। মুখোশ শনাক্ত করতে শেখো—কিন্তু নিজের মুখে আরেকটি মুখোশ পরে নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও—কিন্তু নিজের ভেতরের মানুষটিকে সঙ্গে নিয়েই। কারণ শেষ পর্যন্ত শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় কামনা খুবই ছোট একটি বাক্যে ধরা যায়—তোমরা বড় হও, শক্ত হও, প্রশ্ন করো, প্রতিবাদ করো—কিন্তু মানুষ হয়ে থেকো।
আসছে পরের দুই পর্ব: মুখোশের অঙ্ক থেকে মানুষ হয়ে বাঁচার পাঠ
নেকড়ের দাঁত দেখা যায়। কিন্তু হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা থাবা চিনবেন কীভাবে? প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছি মুখোশের সমাজ; পরের পর্বে এবার খুলব তার হিসাবের খাতা। ২য় পর্ব—‘নেকড়ে-তত্ত্বের মহাসমীকরণ: মুখে মধু, মনে থাবা—মানুষ কখন দুপেয়ে নেকড়ে হয়?’ সেখানে থাকছে স্বার্থ, ক্ষমতা, সুযোগ ও বিবেকের টানাপোড়েনের রম্য সমীকরণ এবং ‘দুপেয়ে নেকড়ে’ আচরণ পর্যবেক্ষণের চেকলিস্ট। একদিনের ভুল আর বারবারের সুবিধাবাদের ফারাক কোথায়? প্রশংসা কখন আনুগত্যের অভিনয় হয়ে ওঠে? অন্যের মুখোশ দেখতে গিয়ে নিজের মুখটিও পরীক্ষা করতে হবে কেন?
আর নেকড়ে চিনে ফেললেই কি বিপদ শেষ? ৩য় পর্ব—‘নেকড়ের থাবা থেকে বাঁচার দশ পাঠ: মুখোশ খুলুন, মানুষ হয়ে ফিরুন’ নিয়ে যাবে আত্মরক্ষার পরের অধ্যায়ে। থাকছে সীমারেখা টানা, প্রমাণ রাখা, বিশ্বস্ত সহায়তা খোঁজা এবং থাবা লেগে গেলে মর্যাদা নিয়ে ঘুরে দাঁড়ানোর পাঠ। থাকবে ‘নেকড়ে শিকার’-এর ব্যঙ্গাত্মক কলাকৌশলও—সত্যের আলোয় মুখোশ উন্মোচন, অন্যায়ের সুযোগ বন্ধ করা এবং ধরা পড়লে ন্যায্য জবাবদিহির প্রশ্ন।
এই সমীকরণ ও চেকলিস্ট মানুষের গায়ে স্থায়ী তকমা লাগানোর পরীক্ষা নয়; আচরণ বুঝতে এবং নিজের বিবেক যাচাই করতে একটি সাহিত্যিক আয়না। কারণ ধারাবাহিকটির শেষ প্রশ্ন একটাই: নেকড়ের মুখোশ খুলতে গিয়ে নিজের মুখে কি আরেকটি মুখোশ পরে ফেলছি?
চোখ রাখুন অধিকারপত্রে। নেকড়ে চিনব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব—আর মানুষ হয়ে থাকার সাধনাটিও চালিয়ে যাব।
২য় পর্ব
- শিরোনাম: নেকড়ে-তত্ত্বের মহাসমীকরণ: মুখে মধু, মনে থাবা—মানুষ কখন দুপেয়ে নেকড়ে হয়?
- উপশিরোনাম: স্বার্থ, ক্ষমতা আর বিবেকের টানাপোড়েনে মানুষ কখন বদলায়? রম্য সমীকরণ ও আচরণ পর্যবেক্ষণের চেকলিস্টে মুখোশ চেনার পাঠ—সঙ্গে নিজের মুখটিও আয়নায় দেখার আমন্ত্রণ।
৩য় পর্ব
- শিরোনাম: নেকড়ের থাবা থেকে বাঁচার দশ পাঠ: মুখোশ খুলুন, মানুষ হয়ে ফিরুন
- উপশিরোনাম: থাবা এড়ানোর দশ কৌশল, আঘাতের পর ঘুরে দাঁড়ানো এবং ‘নেকড়ে শিকার’-এর উল্টো পাঠ: সত্য ও প্রমাণে মুখোশ খুলবে কীভাবে, ধরা পড়লে জবাবদিহি হবে কোন পথে?
লেখক: অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটু, উপদেষ্টা, অধিকারপত্র : odhikarpatranews@gmail.com
#নেকড়ে_তত্ত্ব #দুপেয়ে_নেকড়ে #মানুষ_হয়ে_থাকা #মুখোশের_সমাজ #দুঃসময়ের_শিক্ষা #জীবনের_বিশ্ববিদ্যালয় #মনুষ্যত্ব #সামাজিক_ব্যঙ্গ #মানুষ_চেনা #অধিকারপত্র
