odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

জলাবদ্ধতা নিরসনে ৩ দিনের মধ্যেই কাজ শুরু হবে

Akbar | প্রকাশিত: ৯ April ২০১৯ ১৭:১৬

Akbar
প্রকাশিত: ৯ April ২০১৯ ১৭:১৬

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে ৩ দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, জলাবদ্ধতার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে কে কাজ করবে, কে করবে না, কোথায় থেকে বাজেট পাব, সেগুলো দেখব না। জলবদ্ধতা নিরসনে যতটুকু করার তার সর্বোচ্চ করার চেষ্টা করব।

আজ মঙ্গলবার রাজধানীর আফতাব নগরে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে নির্দেশ দিয়েছি দুই থেকে ৩ দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করব। যেসব ড্রেন দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, সেগুলো পরিষ্কার করব।

মেয়র আতিকুল ইসলাম বলেন, খালগুলো ভরাট হয়ে আছে সে কারণে অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে যাচ্ছে। সেগুলো উদ্ধারে আমর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করব। পাশাপাশি ওয়াসাকে অনুরোধ করব তারা যেন জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে কাজ করে।

যে সংস্থাতেই থাকুন না কেন আসুন সবাই মিলে জনদুর্ভোগ থেকে মুক্তি দিতে কাজ করি-এ কথা উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সেই সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সাধারণ মানুষ চলার পথে ময়লা আবর্জনা রাস্তায় ফেলছেন, সেগুলো গিয়ে ড্রেনে পড়ে পানি প্রবাহ নষ্ট হচ্ছে। আমরা বিদেশে গেলে কোথাও ময়লা ফেলি না, সড়কে সিগন্যাল মেনে চলি কিন্তু দেশে কেন সড়ক পারাপারে নিয়ম মানব না, কেন যত্রতত্র ময়লা ফেলব? এসব বিষয়ে সবার সচেতন হতে হবে। আমরা যে যার জায়গা থেকে নিজের ঘরের মতো শহর পরিচ্ছন্ন রাখতে পারলে একটি সুন্দর শহর পাবে আগামী প্রজন্ম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুরুল এলাহী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফরাসউদ্দিন, উপাচার্য এস এম শহিদুল হাসান প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: