odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

মেডিকেল ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর

gazi anwar | প্রকাশিত: ২ August ২০১৭ ২০:৩৭

gazi anwar
প্রকাশিত: ২ August ২০১৭ ২০:৩৭

২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৩০ নভেম্বর। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ক্ষেত্রে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সহায়তা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়ে বলেন, কিছু কিছু চিহ্নিত কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র বানিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত এবং নিরীহ অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে। এই চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।

মেডিকেল শিক্ষার মান নিয়ে সরকারের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, মানহীন ও যথাযথ নীতিমালা না মানলে সরকার যেমন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে, তেমনি প্রশ্ন ফাঁস বা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর অবস্থানে থাকবে। এ সময় তিনি গত বছর অনুষ্ঠিত নিখুঁত ভর্তি পরীক্ষার দৃষ্টান্ত তুলে ধরে পরীক্ষা মনিটরিংয়ের দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের এবারের পরীক্ষাপ্রক্রিয়াও নিখুঁতভাবে সম্পন্ন করতে আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান, বিএমএর মহাসচিব ইহতেশামুল হক, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি মকবুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: