odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 1st June 2026, ১st June ২০২৬
বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন

ঈদের ছুটিতে ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৫

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৬ ০৫:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৬ ০৫:৫৬

ময়মনসিংহ প্রতিনিধি | অধিকার পত্র ডটকম

ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরার সময় ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। জেলার বিভিন্ন স্থানে গত কয়েক দিনে সংঘটিত এসব দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফুলপুর উপজেলার ডেফুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪০) ও তার চার বছর বয়সী ছেলে রোহানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আফতাব শাহরিয়ার মাহির (২০) নামে এক কলেজছাত্র নিহত হন। তিনি নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে গত ২৭ মে দিবাগত রাত ১টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আরেকটি সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশাযাত্রী নিহত হন এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা চালকদের আরও সতর্কভাবে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: