odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th June 2026, ৯th June ২০২৬
খাতা মূল্যায়ন দ্রুত শেষ করে নির্ধারিত সময়েই ফল প্রকাশের নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোকে

আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ৮ June ২০২৬ ১৮:২০

odhikarpatra
প্রকাশিত: ৮ June ২০২৬ ১৮:২০

ঢাকা, ৮ জুন ২০২৬ | নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সহজ করতে এবং পরীক্ষা-পরবর্তী সময়ের অপচয় রোধে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যেই এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যেই দেশব্যাপী একযোগে ফল প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট দীর্ঘদিনের একটি সমস্যা। অনেক শিক্ষার্থীর পড়াশোনা নির্ধারিত সময়ের চেয়ে কয়েক বছর বেশি সময় ধরে চলতে থাকে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা পেতে হলে এই সময় অপচয় বন্ধ করতে হবে।

উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, তিন বছরের কোর্স তিন বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। কোনো ধরনের অযৌক্তিক বিলম্ব বা ওয়েটিং সেশন গ্রহণযোগ্য হবে না।

আগামী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ২০২৬ সালের জুনের মধ্যেই শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেশনজট দূর করতে ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু এবং ৮ ফেব্রুয়ারি শেষ করার একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে। তবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

#SSC #SSCResult #Education #BangladeshEducation #EducationMinistry #Dhaka

কীওয়ার্ড: এসএসসি ফলাফল, এসএসসি ২০২৬, শিক্ষা মন্ত্রণালয়, এহছানুল হক মিলন, শিক্ষা বোর্ড, সেশনজট, মাধ্যমিক শিক্ষা, বাংলাদেশ



আপনার মূল্যবান মতামত দিন: