odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th June 2026, ২০th June ২০২৬
শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে মাল্টিমিডিয়া প্রজেক্টরে সম্প্রচার

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি দেখানো হলো গোল্ডকাপ ফুটবল ফাইনাল

odhikarpatra | প্রকাশিত: ২০ June ২০২৬ ১৮:২৪

odhikarpatra
প্রকাশিত: ২০ June ২০২৬ ১৮:২৪

প্রকাশ: ২০ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ দেশের প্রায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি দেখানো হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্রীড়া সংস্কৃতির বিকাশে এ উদ্যোগ গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শনিবার (২০ জুন) ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালক দলের ফাইনাল ম্যাচ বিকেল ২টা ২০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত এবং বালিকা দলের ফাইনাল ম্যাচ বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় খেলা প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খেলা সম্প্রচারের বিষয়টি তদারকি ও সমন্বয়ের দায়িত্বও দেওয়া হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম জানান, উপজেলার প্রায় ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন বলেন, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় পর্যায়ের এই খেলা দেখানোর ফলে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটবে এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পর্কে তাদের ধারণা সমৃদ্ধ হবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ের এ ধরনের ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজের মানসিকতা ও ক্রীড়াচর্চার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ভিত্তিক খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী হবে।

সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি দেখানো হলো গোল্ডকাপ ফুটবল ফাইনাল

#প্রাথমিক_বিদ্যালয়_গোল্ডকাপ #ফুটবল_ফাইনাল #প্রাথমিক_শিক্ষা #শিক্ষার্থী #ক্রীড়া_সংস্কৃতি #অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: