অধিকার ডেস্ক | ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাপ্তরিক কাজের চাপ কমাতে প্রতিটি বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে। পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন সাপেক্ষে এ প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে এ তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী না থাকায় শিক্ষকদের বিভিন্ন দাপ্তরিক কাজও করতে হয়। এতে তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এ পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
পিইডিপি-৫ অনুমোদিত হলে প্রস্তাবটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা ও সংগীতচর্চার পরিকল্পনা
শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ধর্মীয় শিক্ষা, চারুকলা ও সংগীতচর্চা বাধ্যতামূলকভাবে চালুর পরিকল্পনার কথাও সংসদে জানানো হয়েছে।
২০২৭ সালের বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়
সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই গণ-অভ্যুত্থানের কারণ ও ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং এর ঐতিহাসিক তাৎপর্য পাঠ্যবইয়ে তুলে ধরা হবে।
এ ছাড়া নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
সব মাদ্রাসায় চালু হবে মিড-ডে মিল
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি কর্মসূচির আওতায় দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।
২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়েছে। এর আওতায় ইবতেদায়ি মাদ্রাসাও থাকবে।
নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল ৫ হাজার ৭৬৮, আলিম ১ হাজার ২৮৪, ফাজিল ৯৯৩ এবং কামিল মাদ্রাসা ১৮৪টি।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের পরিকল্পনা নেই
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৮৭৩টি। এসব বিদ্যালয় আপাতত সরকারীকরণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ১৬.২৫ শতাংশ
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।
ঝরে পড়া রোধে স্কুল ফিডিং, উপবৃত্তি প্রদানসহ সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
নিবন্ধনের আওতায় আসছে কিন্ডারগার্টেন
নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে।
২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৭৮৩টি কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় এসেছে।

আপনার মূল্যবান মতামত দিন: