অধিকার সংযুক্ত নিউজ
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক সীমান্ত কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি গত বুধবার বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে সীমান্তসহ তার বন্ধুরা কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নামেন। একপর্যায়ে হঠাৎ স্রোতের টানে তিনজন ভেসে যেতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে সীমান্তসহ তিনজন পর্যটক সমুদ্রের পানিতে গোসলে নামেন। স্রোতের টানে তারা ডুবে যেতে থাকলে লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত সেখানে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন।
তিনি বলেন, সীমান্তকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি সমুদ্রের পানিতে তলিয়ে যান। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সাগরের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
অধিকার পত্রের পাঠকদের প্রতি সতর্কতা: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলের সময় জোয়ার-ভাটা, স্রোত ও আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা এবং লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা জরুরি।
