odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 20th September 2026, ২০th September ২০২৬
রামপুরা-হাতিরঝিল এলাকায় দুটি এবং নিউমার্কেটের মিরপুর রোডে একটি বিস্ফোরণ; আলামত সংগ্রহ করেছে পুলিশ

রাজধানীতে আরও ৩ ককটেল বিস্ফোরণ, রামপুরা ও নিউমার্কেটে আতঙ্ক

odhikarpatra | প্রকাশিত: ১৯ September ২০২৬ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৯ September ২০২৬ ২৩:৪৯

অধিকারপত্র ডটকম, নগর প্রতিবেদক

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রামপুরা-হাতিরঝিল এলাকায় দুটি এবং নিউমার্কেট থানাধীন মিরপুর রোড এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে রামপুরা ইউলুপ, হাতিরঝিল ও বিটিভি ভবনসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি রামপুরা থেকে হাতিরঝিলে প্রবেশের মুখে ইসলাম টাওয়ারের গেটের সামনে এবং অপরটি ইসলাম টাওয়ারের পাশে পার্ক করা একটি ব্যক্তিগত গাড়ির ওপর বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিস্ফোরণের স্থান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এর কিছুক্ষণ পর রাত ১১টা ২৫ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন জাহান ম্যানশনসংলগ্ন মিরপুর রোড এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে রাজধানীর কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

তবে এসব ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ।