odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

odhikarpatra | প্রকাশিত: ২৬ September ২০২৬ ১৮:৩০

odhikarpatra
প্রকাশিত: ২৬ September ২০২৬ ১৮:৩০

 

পাঁচবিবিতে হিলি-পাবনাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

জয়পুরহাট, ২৬ সেপ্টেম্বর ২০২৬: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ হোসেন জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আকাশ হোসেন মোটরসাইকেলে করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আকাশ হোসেন ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।