odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬
ডিইপিজেড এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও ধাওয়া-পাল্টাধাওয়া; পুলিশের দাবি, বাধা দিয়ে সড়ক অবরোধ করেন হকাররা

আশুলিয়ায় হকার উচ্ছেদে বাধা, ধাওয়া-পাল্টাধাওয়ায় আহত ১০

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৬ ২২:৫১

অধিকারপত্র ডটকম ২৭ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান চালানোর সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। পরে আনসার ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও আনসার সদস্যরা হকারদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক ও ফুটপাত থেকে সরে যেতে হকারদের অনুরোধ করা হলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানা পুলিশ জানায়, ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় অভিযানে থাকা আনসার ও নিরাপত্তাকর্মীদের ওপর হকাররা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন এবং চন্দ্রাগামী লেন অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিক্ষুব্ধ হকারদের অভিযোগ, আনসার সদস্যরা তাদের কাছে চাঁদা দাবি করছেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তাদের উচ্ছেদ করা হচ্ছে। পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ফুটপাতের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, প্রায় ১৫ দিন ধরে হকারদের উচ্ছেদ ও হয়রানি করা হচ্ছে। ফুটপাতে ব্যবসা করেই তারা জীবিকা নির্বাহ করেন। কয়েক দিন ধরে সেখানে বসতে না দেওয়ায় বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাধা দিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের সঙ্গে নিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।