odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 7th October 2026, ৭th October ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার শারমিন সুলতানা সর্মি; নজরদারিতে রেখে মুক্তির আহ্বান ছাত্রদল নেতার

দুই সন্তান প্রতিবন্ধী, ‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৬ ২৩:২৪

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৬ ২৩:২৪

অধিকারপত্র ডটকমের নগর ডেস্ক :

অধিকারপত্র  নিজস্ব প্রতিবেদক 
মানবিক দিক বিবেচনায় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির মুক্তি দাবি করেছেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম।

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে শারমিন সুলতানা সর্মির মুক্তির দাবি জানান ছাত্রদলের এই নেতা।

ফেসবুক পোস্টে ইরফান আহমদ ফাহিম বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে তার মুক্তি চাই।’ একই সঙ্গে তিনি শারমিন সুলতানা সর্মির রাজনৈতিক পরিচয়ের কথা উল্লেখ করে বলেন, তিনি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তবে শারমিন সুলতানা সর্মির দুই সন্তান প্রতিবন্ধী এবং তাদের দেখভালের দায়িত্ব তার ওপর—এ বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

ইরফান আহমদ ফাহিম তার পোস্টে আরও বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে যেন তিনি ভবিষ্যতে আর সম্পৃক্ত না হন, সে বিষয়ে নজরদারিতে রেখে তাকে মুক্তি দেওয়া যেতে পারে।

যে মামলায় গ্রেফতার

এর আগে গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানা সর্মি (৪৪)কে গ্রেফতার করে পুলিশ।

রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

শারমিন সুলতানা সর্মির রাজনৈতিক পরিচয় হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের একটি উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শারমিন সুলতানা সর্মির গ্রেফতারের পর তার রাজনৈতিক পরিচয় এবং মামলার বিষয়টি নিয়ে আলোচনা চললেও, ছাত্রদল নেতা ইরফান আহমদ ফাহিম তার দুই সন্তানের বিষয়টি সামনে এনে মানবিক বিবেচনায় মুক্তির দাবি জানিয়েছেন।