odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 26th October 2026, ২৬th October ২০২৬
সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি; অন্যথায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পেটানোর হুমকির অভিযোগ, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৬ ২২:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৬ ২২:৩৫

অধিকারপত্র ডটকম | 

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান বলে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে জানানো হয়েছে।

 ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনায়েতুল্লাহ আব্বাসী। সেখানে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোকে কুত্তার মতো পেটানো দরকার।”

একই বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তাঁর বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইন ভাঙার চেষ্টা করলেও সাংবাদিকেরা ইতিবাচক খবর প্রকাশ না করে পিস্তল নিয়ে দৌড়ানোর বিষয়টি প্রচার করেছেন। সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিকতা’র সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে তিনি তাঁদের বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে পরিচালিত বলেও মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি

নোটিশে বলা হয়েছে, সাংবাদিকদের পেটানোর বিষয়ে এমন বক্তব্য সাংবাদিকদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করতে পারে। এতে সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের অবমাননা করা হয়েছে এবং তাঁদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে নোটিশদাতার পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে মানহানি, হামলার হুমকি ও উসকানির অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

 

 

 

সাংবাদিকদের ‘পেটানোর’ মন্তব্য: এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

#আইনিনোটিশ #সাংবাদিক #কোর্টরিপোর্টার্সইউনিটি #চাঁদপুর #অধিকারপত্রডটকম