অধিকারপত্র ডটকম, রাজধানী ডেক্স:
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই প্রকল্প এলাকায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ নিয়ে এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
যেভাবে হামলা ও লুটপাট
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল লোক।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়েন। তাঁদের হাতে রামদা, ছোরা ও লাঠিসোঁটাও ছিল। একপর্যায়ে তাঁরা প্রকল্প এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।
ঘটনার পর সালমান মুক্তাদির তাঁর ক্ষতিগ্রস্ত স্টুডিওর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মামলায় ১৩ জনের নাম, অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০
এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, আনুমানিক ৫০ জনের একটি দল প্রকল্প এলাকায় হামলা চালায়। এ সময় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন আহত হন।
হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও পেশাদার ভিডিও ধারণের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। পাশাপাশি গাড়িও ভাঙচুর করা হয়।
মামলার অভিযোগে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরির কথা উল্লেখ করা হয়েছে।
পুলিশের ওপরও গুলি ছোড়ার অভিযোগ
মামলার বিবরণ অনুযায়ী, খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন।
এ সময় আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তিন আসামির তিন দিনের রিমান্ড
এদিকে, এই মামলায় গ্রেপ্তার অপর তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক সুব্রত দেবনাথের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)। তদন্ত কর্মকর্তা তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
