odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 28th September 2026, ২৮th September ২০২৬
উপজেলায় এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু আক্রান্ত, পরিচ্ছন্নতা ও মশক নিধনে মাঠে প্রশাসন

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের বিশেষ কর্মসূলল

odhikarpatra | প্রকাশিত: ২৭ September ২০২৬ ০২:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৭ September ২০২৬ ০২:২৫

অধিকারপত্র ডটকম-,নিজস্ব প্রতিবেদক, 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার সব ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ পর্যন্ত সীতাকুণ্ডে ৫১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জানিয়ে ডেঙ্গুতে আর কোনো প্রাণহানি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড পৌরসভায় সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘আশা রাখি সাত দিন পর সীতাকুণ্ডে ডেঙ্গুর কোনো হটস্পট থাকবে না।’

র‌্যালি শেষে তিনি নিজেও ড্রেন পরিষ্কার এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমে অংশ নেন।

আক্রান্তের সংখ্যা কমানোই হবে সাফল্যের মাপকাঠি

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো না গেলে এ অভিযানকে সফল বলা যাবে না। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেকের বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

তিনি বলেন, মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে সেখানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগ করতে হবে।

জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমে থাকার সুযোগ না দেওয়ার আহ্বান জানান।

সাত দিন চলবে বিশেষ অভিযান

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া সাত দিনব্যাপী এ কর্মসূচি সীতাকুণ্ড উপজেলার সব ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, লার্ভা ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।